![]()
ইবি রিপোর্ট
শারীরিক অসুস্থতার কারণে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এর ফলে আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও অংশ নিতে পারেননি তিনি। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানের বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি জালাল মোহাম্মদ গাউছ সমকালকে বলেন, সংসদ সদস্য ওসমান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। চিকিৎসার জন্য চার মাস ধরে তিনি দেশের বাইরে রয়েছেন।
ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
এর আগে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক। বিএনপি সরকারের সময় তিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৪০ সালের ১৮ জুলাই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন ড. মুহাম্মদ ওসমান ফারুক। ১৯৫৬ সালে সেন্ট গ্রেগরীজ স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করে ১৯৬১ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে ১৯৬৩ সালে মার্কিন সরকারের অধীন বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থা ইউএসএইডের ফেলোশিপ প্রোগ্রামে অংশ নেন তিনি। ১৯৬৪ সালে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএস ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৭০ সালে কর্নেল ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
এদিকে, ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার সংসদের বৈঠকের শুরুতে তিনি এ ঘোষণা দেন।
স্পিকার সংসদকে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। গত ১৫ নভেম্বর চিঠিটি তার কাছে পৌঁছায়। বিধিসম্মত হওয়ায় তিনি পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন।
সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের বিধান তুলে ধরে স্পিকার বলেন, পদত্যাগপত্র স্পিকারের কাছে পৌঁছানোর পর থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য বলে গণ্য হবে। সেই অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসন শূন্য হয়েছে বলে সংসদকে জানান তিনি।