![]()
ইবি বিনোদন রিপোর্ট
সাংবাদিক পরিচয় ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দায়ভার কে নেবে—এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে বিরোধের ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ওই ব্যক্তি প্রথমে তাকে আঘাত বা ধাক্কা দেন। পরে সাংবাদিক পরিচয় দিয়ে পরিচয়পত্র দেখালে উত্তেজিত অবস্থায় তিনি সাংবাদিকতা নিয়ে মন্তব্য করেন। একই সঙ্গে আদালতে আসার সময় তার ব্যক্তিগত পরিসর ও পরিস্থিতি বিবেচনায় সাংবাদিকদের কিছুটা দূরত্ব বজায় রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বনানী থানায় করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানিতে আদালতে উপস্থিত হন পরীমনি। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সাম্প্রতিক বিরোধের প্রসঙ্গ উঠে আসে।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে পরীমনি বলেন, ‘আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কেন ধরছ? তখন সে সাংবাদিক পরিচয় দিয়ে কার্ড দেখায়। উত্তেজিত অবস্থায় আমি বলেছি, তুমি আমার সঙ্গে সাংবাদিকগিরি করো। তার মানে এই নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় করবে। ঘটনার সময় ওই ব্যক্তিকে খুঁজছিলাম। ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে। সেসব ফুটেজে আমাকে ওই ব্যক্তিকে খুঁজতে দেখা যাবে। পরে ওই ব্যক্তি আমার গাড়ির সামনে এসে অভিযোগ করেন, গাড়িচালক তার গাড়ি ভেঙে দিয়েছেন।’
আদালতে যাতায়াতের ছয় বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, এ সময়ে মূলধারার গণমাধ্যমের সাংবাদিকদের পাশাপাশি ইউটিউবার ও কনটেন্ট নির্মাতাদের সঙ্গেও নিয়মিত দেখা হয়েছে। তবে কখনো কারও সঙ্গে তার দুর্ব্যবহার হয়নি, একইভাবে অন্যরাও তার সঙ্গে এমন আচরণ করেননি বলে জানান তিনি।
পরীমনি বলেন, ‘এই ছয় বছরে কখনো কারও সঙ্গে আমার দুর্ব্যবহার হয়েছে, কিংবা কেউ আমার সঙ্গে করেছেন—এমন ঘটনা বলতে পারবেন না। কিন্তু তার সঙ্গে কেন এমন হলো? এটা তো এমনি এমনি হয়নি। সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় করলে তার দায়ভার কে নেবে?’
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও বলেন, আদালতে তিনি একজন বিচারপ্রার্থী হিসেবে উপস্থিত হন। তাই তার ব্যক্তিগত পরিসর এবং পরিস্থিতি বিবেচনা করে সাংবাদিকদের কিছুটা দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এভাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে হচ্ছে, এটা আমার জন্য খুবই দুঃখজনক। আপনারা যেভাবে প্রশ্ন করছেন, তাতে অনেক দুঃখ লাগছে। আসলে এভাবে উত্তর দিতেও আমি অভ্যস্ত নই। যাই হোক, যেহেতু ছয় বছর ধরে মামলাটি চলছে, আশা করছি এবার একটা সুষ্ঠু সমাধান পাব।’
এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির পরবর্তী তারিখ আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। সে অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে আদালতে উপস্থিত হন পরীমনি। তবে সেখানে পৌঁছে তারা জানতে পারেন, মামলাটি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে স্থানান্তর করা হয়েছে।
পরে সিএমএম আদালতে পরীমনির হাজিরা নেওয়া হয়। শুনানি শেষে বিচারক অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৩ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।