• হোম > দেশজুড়ে > গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে আসেনি পরিবার

গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে হাসপাতালে আসেনি পরিবার

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:৩৪
  • ৩৭

---

ইবি রিপোর্ট

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামান হত্যার ঘটনায় অভিযুক্ত সওদাগর মেহেদী হাসানকে (৩১) গণপিটুনিতে হত্যার পর তার মরদেহ নিতে হাসপাতালে আসেননি পরিবারের কোনো সদস্য। সোমবার ভোর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে থাকা মরদেহ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কেউ গ্রহণ করেননি। পরে মরদেহটি ফ্রিজিং করে রাখা হয়। পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি মরদেহ হস্তান্তরে নিরাপত্তার আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।

মেহেদী হাসান নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধঘোষিত যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় সূত্রের দাবি, মেহেদীও যুবলীগের কর্মী ছিলেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মজিদ মার্কেটসংলগ্ন সড়কে ছুরিকাঘাতে নিহত হন সুরুজ জামান (৩৫)। তিনি মধ্য বাড়েরা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। পাশাপাশি তিনি ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন।

ঘটনার সময় নিজের ছোট মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুরুজ জামান। পথে মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাত করা হয়। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত ছিলেন মেহেদী হাসান।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, সুরুজ জামান হত্যার পর গভীর রাতে এলাকার লোকজন মেহেদীকে মারধর করেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে এলাকাবাসী তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার ভোর থেকেই মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। একই দিন বাদ জোহর সুরুজ জামানের মরদেহ দাফন করা হয়। তবে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মেহেদীর মরদেহ নিতে পরিবারের কোনো সদস্য হাসপাতালে উপস্থিত হননি। পরে সেটি ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মেহেদীর মরদেহ নিতে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার আশ্বাসও দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ নিতে না এলে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশই তা পৌঁছে দেবে।

তিনি আরও জানান, সুরুজ জামান ও মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এসব ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22937 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:12:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh