• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বৈদেশিক ঋণের কিস্তি বছরে ৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছানোর শঙ্কা

বৈদেশিক ঋণের কিস্তি বছরে ৭.৬ বিলিয়ন ডলারে পৌঁছানোর শঙ্কা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:২৪
  • ২৮

---

ইবি রিপোর্ট 

আগামী বছরগুলোতে বাংলাদেশের বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের বার্ষিক পরিমাণ বেড়ে ৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ক্রমবর্ধমান এই চাপ সামলাতে ঋণের উৎস বহুমুখীকরণ, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশল নিচ্ছে সরকার।

গত অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ ৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আগামী বছরগুলোতে এ ব্যয় বেড়ে বছরে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। পরবর্তী সময়ে তা ৭ দশমিক ৬ বিলিয়ন ডলার পর্যন্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

সোমবার কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমীর।

মধ্যপ্রাচ্যের সংঘাতের অর্থনৈতিক প্রভাব তুলে ধরে তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি সরকার দায়িত্ব নেওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ওই অঞ্চলে সংঘাত শুরু হয়। মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত এ সংঘাতের কারণে বাংলাদেশের আনুমানিক ৪ দশমিক ১২ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। এর দায় দেশের নাগরিকদের বহন করতে হচ্ছে, যদিও এ পরিস্থিতির জন্য তারা দায়ী নন।

তিতুমীর বলেন, বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে উন্নয়নশীল দেশগুলো আর্থিক চাপে পড়লেও আন্তর্জাতিক আলোচনায় বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না। এসব বাস্তবতা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সামনে তুলে ধরতে আইডিএ-২১ সম্মেলন এবং আগামী বছরের জি-২০ সম্মেলন কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ।

সরকার দায়িত্ব নেওয়ার পর সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে বাজেট ঘাটতি পূরণে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে বাজারভিত্তিক ঋণের ওপর নির্ভরতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থেকে কমতে শুরু করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার এক বছর আগের প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশে নেমেছে।’

দেশীয় মুদ্রায় সরকারি সিকিউরিটিজের মেয়াদ বাড়িয়ে ঋণ পরিশোধের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বাংলাদেশের স্থানীয় মুদ্রার সরকারি বন্ড জেপি মরগানের উদীয়মান বাজারের সরকারি বন্ড সূচকে যুক্ত হয়েছে। এতে আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিতুমীর জানান, ঋণ ব্যবস্থাপনায় সরকারের কৌশলের দুটি প্রধান ভিত্তি হচ্ছে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতা। এ লক্ষ্য সামনে রেখে মধ্যমেয়াদি ঋণ কৌশল, বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা এবং ঋণ ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো তৈরি করা হচ্ছে। পাশাপাশি ঋণের তথ্য প্রকাশ, স্বচ্ছতা, জবাবদিহি এবং ঋণদাতাদের সঙ্গে দায়িত্বশীল সম্পর্ক বজায় রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।

রাজস্ব আদায় বাড়ানোকে ঋণ ব্যবস্থাপনার অন্যতম সংস্কার হিসেবে উল্লেখ করেন অর্থনৈতিক উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত বর্তমানে মাত্র ৬ দশমিক ৬৭ শতাংশ। আগামী পাঁচ বছরে এ হার অন্তত ২ শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে। সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী, কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ জন্য রাজস্ব আদায় ডিজিটাল করা, কর ফাঁকির সুযোগ বন্ধ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে আনুষ্ঠানিক ব্যবস্থায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ঋণ ব্যবস্থাপনায় একটি শক্তিশালী ও পেশাদার ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। প্রতিষ্ঠানটির কার্যক্রম কার্যকর করতে আধুনিক পাবলিক ডেট অ্যাক্ট প্রণয়নের বিষয়টি বিবেচনা করছে সরকার। পাশাপাশি আগামী বছর থেকে আমলাতন্ত্রে ব্যাপক সংস্কার শুরুর পরিকল্পনা রয়েছে।

নতুন কৌশলে দেশীয় ও বৈদেশিক ঋণের মধ্যে ভারসাম্য, স্বল্প ও দীর্ঘমেয়াদি ঋণের সমন্বয় এবং সহজ শর্তের ঋণের পাশাপাশি বাজারভিত্তিক অর্থায়নের ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে। দেশীয় বন্ডবাজারের পরিধি বাড়ানোর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ টানতে ব্লেন্ডেড ফাইন্যান্স, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

সরকারি অর্থায়নের উৎস সম্প্রসারণে সুকুক বা ইসলামি বন্ড ব্যবহারের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে। তবে এসব অর্থায়নের ব্যয়, ঝুঁকি ও ভবিষ্যৎ দায় যথাযথভাবে মূল্যায়নের ওপর জোর দিয়েছেন তিতুমীর।

ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানি। তিনি বলেন, বাংলাদেশ শুধু প্রচলিত উন্নয়ন সহযোগীদের ঋণের ওপর নির্ভরশীল থাকতে পারে না। আন্তর্জাতিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, সম্পদ ব্যবস্থাপক, সার্বভৌম সম্পদ তহবিল, এনডাওমেন্ট ফান্ড এবং প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকেও অর্থায়নের সুযোগ খুঁজতে হবে।

তিনি উল্লেখ করেন, বৈশ্বিক পুঁজির অন্তত ৯০ শতাংশের নতুন উৎসের সঙ্গে বাংলাদেশের এখনো কার্যকর সংযোগ তৈরি হয়নি। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের বন্ডের স্বচ্ছ মূল্য নির্ধারণের মানদণ্ড তৈরি করা গেলে ভবিষ্যতে সিটি বন্ড, সুকুক এবং অবকাঠামো প্রকল্পের বিপরীতে সিকিউরিটাইজেশনের মতো অর্থায়নের পথ খুলবে।

এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতি তিন মাস অন্তর ঋণ ব্যবস্থাপনা ও সংস্কারের অগ্রগতি নিয়ে জনসমক্ষে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তানভীর শাহরিয়ার ঘানির মতে, আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণ টেকসই বিশ্লেষণ কাঠামো ঋণ নেওয়ার সক্ষমতা নির্ধারণে সহায়তা করে। তবে ঋণ নেওয়া কতটা যৌক্তিক এবং তা জনগণের জন্য কতটা সুফল বয়ে আনবে, সেই সিদ্ধান্ত ও ব্যাখ্যার দায়িত্ব সরকারের।

সম্মেলনের সমাপনী বক্তব্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালক চিগডেম আকিন বলেন, সীমিত রাজস্ব আহরণ, ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় বাংলাদেশের সরকারি অর্থব্যবস্থার ওপর চাপ বাড়ছে। এ পরিস্থিতি সামলাতে সরকারের পর্যাপ্ত আর্থিক সুরক্ষা এবং বৈশ্বিক অপ্রত্যাশিত ধাক্কা মোকাবিলার সক্ষমতা থাকা প্রয়োজন।

টেকসই ঋণ ব্যবস্থাপনার জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো, ঋণের স্বচ্ছ তথ্য প্রকাশ, দেশীয় বন্ডবাজারের উন্নয়ন এবং ঋণের উৎস বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে রাজস্ব আদায় বৃদ্ধি, সরকারি ব্যয়ে শৃঙ্খলা, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনার উন্নয়ন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন।

এডিবি বাংলাদেশের ঋণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান শক্তিশালী করা, রাজস্ব আদায় বাড়ানো, সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার এবং দেশীয় পুঁজিবাজারের গভীরতা বাড়াতে অর্থায়ন ও কারিগরি সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সম্মেলনের সুপারিশ

দুই দিনের সম্মেলনের সাতটি অধিবেশনের আলোচনা ও সুপারিশ তুলে ধরেন অর্থ বিভাগের যুগ্ম সচিব মেহেদী মাসুদুজ্জামান। তিনি বলেন, এলডিসি উত্তরণের প্রস্তুতি এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে অর্থায়নের উৎস বাড়ানো, রাজস্ব আদায় বৃদ্ধি ও টেকসই ঋণ ব্যবস্থাপনা প্রয়োজন।

আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা, পূর্বানুমানযোগ্য ঋণ গ্রহণ পরিকল্পনা এবং বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সম্মেলনে। দেশীয় বন্ডবাজারে তারল্য বাড়াতে বেঞ্চমার্ক বন্ড, বাজার সৃষ্টিকারী প্রতিষ্ঠান এবং কার্যকর দ্বিতীয় পর্যায়ের লেনদেন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করা হয়।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বিবেচনায় সুকুক বাজার সম্প্রসারণে শক্তিশালী আইনি কাঠামো, বিনিয়োগকারীদের সুরক্ষা, শরিয়াহ তদারকি এবং বাজারের তারল্য বাড়ানোর বিষয়গুলো আলোচনায় আসে।

অবকাঠামো ও জলবায়ু প্রকল্পে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্লেন্ডেড ফাইন্যান্স, বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার গ্যারান্টি এবং ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা ব্যবহারের সুপারিশ করা হয়েছে। তবে সরকারি গ্যারান্টি ও ভবিষ্যৎ দায়ের হিসাব প্রকাশ এবং সেগুলোর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন আলোচকেরা।

এ ছাড়া ঋণ গ্রহণ, মধ্যমেয়াদি কৌশল ও ঝুঁকি বিশ্লেষণ এবং ঋণের হিসাব সংরক্ষণের কাজ সমন্বিতভাবে পরিচালনার জন্য একটি ডেট ম্যানেজমেন্ট অফিস গঠনের সুপারিশ করা হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22932 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:16:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh