• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট

রূপপুরের প্রথম ইউনিট থেকে গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৬:০৩
  • ১৪

---

ইবি রিপোর্ট 

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো এই বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।মঙ্গলবার বিদ্যুৎ বিভাগ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বিভাগটির তথ্য অনুযায়ী, দীর্ঘ প্রতীক্ষা, ধারাবাহিক কারিগরি কার্যক্রম এবং কয়েক ধাপের জটিল পরীক্ষা শেষে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সংযোগের পর্যায়ে পৌঁছেছে কেন্দ্রটি। এই সংযোগকে বিদ্যুৎকেন্দ্রটির কার্যক্রমের একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।

এরপর বিভিন্ন পরীক্ষা চালানোর জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করা হবে কেন্দ্রটি। এ পর্যায়ে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার প্রতিটি ধাপে কেন্দ্রের বিভিন্ন ব্যবস্থার কার্যকারিতা নিবিড়ভাবে যাচাই করা হবে। পাশাপাশি টারবাইন ও জেনারেটরের কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো পরীক্ষা করা হবে।

সব কারিগরি পরীক্ষার ফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত কাজ শেষ হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরার) অনুমোদন নিতে হবে।

নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর কেন্দ্রটি আবার পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে বিদ্যুৎ সরবরাহের পরবর্তী ধাপে এগিয়ে নেওয়া হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হলে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।

এরপর প্রথম ইউনিটটি রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে প্রভিশনাল টেকওভার করা হবে। পরবর্তী সময়ে সরকারের গেজেট বিজ্ঞপ্তি বা প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটির উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে কেন্দ্রটি অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22918 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh