• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > রাজধানীর বাজারে কাঁচামরিচের কেজি মিলছে ৩০ টাকায়

রাজধানীর বাজারে কাঁচামরিচের কেজি মিলছে ৩০ টাকায়

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৫৭
  • ১২

---

 ইবি রিপোর্ট 

কিছুদিন আগেও রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচামরিচ কিনতে ক্রেতাদের গুনতে হয়েছে ৪০০ থেকে ৬০০ টাকা। সেই মরিচ এখন কয়েকটি বাজারে ভ্যানগাড়িতে বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজি দরে। সরবরাহ বাড়ায় দাম কমে আসায় ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে ,তবে রাজধানীর সব বাজারে কাঁচামরিচের দাম একইভাবে কমেনি। ভ্যানগাড়িতে ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও একই এলাকার স্থায়ী সবজির দোকানে দাম চাওয়া হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব এলাকার কয়েকটি ভ্যানগাড়িতে প্রতি কেজি কাঁচামরিচ ৩০ টাকায় বিক্রি করতে দেখা যায়। কম দামে মরিচ পাওয়ায় ভ্যানের সামনে ক্রেতাদের ভিড় ছিল। অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে মরিচ কিনেছেন। অন্যদিকে, একই বাজারের স্থায়ী সবজির দোকানগুলোতে প্রতি কেজি মরিচের দাম ছিল ৫০ থেকে ৬০ টাকা।

কেন কমছে কাঁচামরিচের দাম

ব্যবসায়ীদের ভাষ্য, শীতের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁচামরিচ ও শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। পাশাপাশি বাজারে আমদানিকৃত কাঁচামরিচের পরিমাণও বেশি। বর্ষার পানি ও বৃষ্টিতে মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ার পর সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে দাম কমেছে।

মুগদা বাজারের ভ্যানগাড়িতে কাঁচামরিচ বিক্রেতা মো. নূরুদ্দীন বলেন, শীতের শুরুতে প্রতিবছরই কাঁচামরিচের সরবরাহ বাড়ে। এবার আমদানিকৃত মরিচেরও পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্ষার পানি ও বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার পর হঠাৎ সরবরাহ বেড়েছে।

তবে মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের বাজারে এমন দাম দেখা গেলেও রাজধানীর অন্য বাজারগুলোর পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া সম্ভব হয়নি।

ক্রেতাদের স্বস্তি, বিক্রেতাদের হিসাব

কাঁচামরিচের দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। দীর্ঘদিন বেশি দামের কারণে যারা প্রয়োজন অনুযায়ী মরিচ কিনতে পারেননি, তাদের জন্য বর্তমান দর কিছুটা স্বস্তি এনে দিয়েছে।

মানিকনগর বাজারে ভ্যানগাড়ি থেকে এক কেজি কাঁচামরিচ কিনেছেন রিকশাচালক রিয়াজউদ্দিন। যাত্রী নিয়ে যাওয়ার পথে ৩০ টাকা কেজি দরে মরিচ বিক্রির খবর শুনে তিনি থেমে কেনাকাটা করেন।

এ প্রতিবেদককে রিয়াজউদ্দিন বলেন, ‘দুই-একদিন পরপর ১০-২০ টাকায় অল্প করে কাঁচামরিচ কিনতে হয়। আজ ৩০ টাকায় পেয়ে এক কেজি কিনে নিলাম।’ এই মরিচ দিয়ে তার এক মাসের চাহিদা পূরণ হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, কম দামে বিক্রি করেও সীমিত মুনাফার হিসাব করছেন ভ্যান বিক্রেতারা। মো. নূরুদ্দীন জানান, তারা কাওরানবাজার থেকে পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কিনেছেন। প্রতি কেজি ৩০ টাকা দরে বিক্রি করলে কেজিতে পাঁচ টাকা মুনাফা থাকবে।

তবে পাইকারি বাজার থেকে পাঁচ কেজি কাঁচামরিচ ১২৫ টাকায় কেনার বিষয়টি অস্বীকার করেছেন স্থায়ী সবজির দোকানের বিক্রেতারা। মুগদা বাজারের একজন বিক্রেতা বলেন, ভ্যানগাড়ির মরিচের সঙ্গে তাদের বিক্রি করা মরিচের পার্থক্য রয়েছে। তারা দেশি কালো ও বেশি ঝালের মরিচ বিক্রি করেন। হাইব্রিড জাতের তুলনায় এ ধরনের মরিচ ভালো এবং দামও বেশি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22914 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:50:22 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh