• হোম > আন্তর্জাতিক অর্থনীতি | জাতীয় > নেদারল্যান্ডসে নতুন ওষুধ বাজারজাত শুরু করল রেনাটা

নেদারল্যান্ডসে নতুন ওষুধ বাজারজাত শুরু করল রেনাটা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:৪৩
  • ১৪

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক 

নেদারল্যান্ডসে পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত নতুন ওষুধ বাজারজাত শুরু করেছে রেনাটা পিএলসি। এর মধ্য দিয়ে ইউরোপের বাজারে নিজেদের ব্যবসা সম্প্রসারণের ধারায় আরও এক ধাপ এগিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্যে এ বিষয়ে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির প্রকাশিত তথ্য অনুযায়ী, নেদারল্যান্ডসে অ্যামান্টাডিন হাইড্রোক্লোরাইড ক্যাপসুল বাজারজাত করছে রেনাটা। পারকিনসন রোগের উপসর্গ উপশমে ব্যবহৃত এই ওষুধের প্রতিটি ক্যাপসুলের মাত্রা ১০০ মিলিগ্রাম। প্রতি প্যাকে রয়েছে ৫৬টি ক্যাপসুল। বাংলাদেশে একই ওষুধ ‘মন্টাডিন’ নামে বিক্রি করে প্রতিষ্ঠানটি।

ওষুধটি উৎপাদন করা হচ্ছে রেনাটার রাজেন্দ্রপুরের উৎপাদনকেন্দ্রে। ইউরোপীয় ইউনিয়নের ওষুধ উৎপাদনসংক্রান্ত মানদণ্ড ইইউ-জিএমপি অনুযায়ী অনুমোদিত এ কেন্দ্র থেকে নেদারল্যান্ডসে সরবরাহ শুরু হয়েছে। এর মাধ্যমে ইউরোপের বাজারে নিজেদের উপস্থিতি আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে কোম্পানিটির।

এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রেনাটার শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। এ সময়ে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই প্রান্তিকে যার পরিমাণ ছিল ৬ টাকা ৪৭ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ২ টাকা ৪০ পয়সা, যা প্রায় ৩৭ শতাংশ।

গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৩৩৯ টাকা ৩১ পয়সা।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে রেনাটার পরিচালনা পর্ষদ। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ছিল ৩১ টাকা ৭৬ পয়সা। একই বছরের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৩২৯ টাকা ১৯ পয়সা।

তার আগের ২০২৪-২৫ অর্থবছরেও শেয়ারহোল্ডারদের ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি। ওই অর্থবছরে রেনাটার শেয়ারপ্রতি আয় ছিল ১৯ টাকা ৩৬ পয়সা।

কোম্পানির ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে ১৫ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করেছিল প্রতিষ্ঠানটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22910 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 08:08:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh