• হোম > জাতীয় | বাংলাদেশ > শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পিছপা হয়নি সরকার: জোনায়েদ সাকি

শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে পিছপা হয়নি সরকার: জোনায়েদ সাকি

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:২৪
  • ১৬

---

ইবি রিপোর্ট

অর্থনৈতিক চাপ, গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি দামের মধ্যেও শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রেখেছে সরকার। তিন বছর পরপর মজুরি পুনর্নির্ধারণের বিধান অনুসরণ করে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে। শ্রমিকদের দাবি ও মালিকপক্ষের বক্তব্যের ভিত্তিতে আলোচনার মাধ্যমে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজার জিয়ারত করেন জোনায়েদ সাকি। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শ্রমিকদের মজুরি ও চলমান আন্দোলন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশে প্রতি তিন বছর পরপর শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের বিধান রাখা হয়েছে। বর্তমান সরকারও সেই বিধান অনুসরণ করছে। তিন বছর পূর্ণ হওয়ার সময় ঘনিয়ে আসায় মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শ্রমিক প্রতিনিধি মনোনয়নের পরদিনই বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন করা স্বাভাবিক বিষয়। দেশে গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতির অবনতির কারণে অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে। এসব পরিস্থিতির মধ্যেও সরকার মজুরি বোর্ডের কার্যক্রম থেকে সরে আসেনি।

জোনায়েদ সাকি আরও বলেন, শ্রমিকরা তাঁদের ন্যায্য দাবিগুলো তুলে ধরবেন এবং মালিকপক্ষও নিজেদের অবস্থান জানাবে। উভয় পক্ষের বক্তব্য ও আলোচনার ভিত্তিতেই নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে শ্রমিক ও মালিক—দুই পক্ষের মতামত বিবেচনায় নেওয়া হবে।

বাংলাদেশের শিল্প ও কলকারখানার বিকাশের সঙ্গে শ্রমজীবী মানুষের স্বার্থ জড়িত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, শিল্প খাতের অগ্রগতির জন্য শ্রমিকদের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা প্রয়োজন। শ্রমিকদের স্বার্থ রক্ষায় তিনি অতীতেও তাঁদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন আন্দোলনকে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এ বিষয়ে শ্রমিক আন্দোলনকারীদের সতর্ক থাকতে হবে। কোনো শক্তি অরাজকতা তৈরির চেষ্টা করলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও বলেন, অতীতে যেভাবে এসব শক্তিকে উৎখাত করা হয়েছিল, ভবিষ্যতেও একই ধরনের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

এর আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নেতৃত্বে দলটির পক্ষ থেকে মাওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়। এ সময় দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22903 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 08:42:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh