• হোম > আন্তর্জাতিক অর্থনীতি | জাতীয় > চার দাতব্য সংস্থায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দিচ্ছেন বাফেট

চার দাতব্য সংস্থায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার দিচ্ছেন বাফেট

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৯
  • ১৭

---

 ইবি রিপোর্ট 

নিজের সম্পদের বড় অংশ দাতব্য কাজে দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছেন ওয়ারেন বাফেট। এবার তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করবেন তিনি। এসব প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন তাঁর তিন সন্তান।সোমবার দেওয়া এক বিবৃতিতে নতুন এই দানের ঘোষণা দেন ৯৬ বছর বয়সী বাফেট। একই সঙ্গে ছয় দশক ধরে গড়ে তোলা বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়েও আস্থা প্রকাশ করেছেন তিনি।

বার্কশায়ারের শেয়ারহোল্ডারদের উদ্দেশে বার্ষিক ধন্যবাদবার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান বাফেট। চারটি দাতব্য সংস্থা হলো সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন সংস্থাগুলোতে বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ারে। বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটারের বয়স যথাক্রমে ৭৩, ৭১ ও ৬৮ বছর। তবে বার্কশায়ারের প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিকানা এখনো বাফেটের হাতে রয়েছে।

পরিবারের দাতব্য সংস্থার বাইরেও বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থ দান করেছেন এই বিনিয়োগকারী। ২০০৬ সাল থেকে বিল গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দিয়েছেন তিনি। তবে গত বছর সেই অনুদান বন্ধ করে দেন বাফেট।

বিল গেটসের সঙ্গে প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেন তিনি। যদিও এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়ে একাধিকবার অনুশোচনা প্রকাশ করেছেন গেটস।

সন্তানদের ওপর আস্থা

বর্তমানে বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন বাফেট। সাধারণত প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অবদান ও প্রভাবের স্বীকৃতি হিসেবে এ সম্মানসূচক পদ দেওয়া হয়। প্রতিষ্ঠাতা, জ্যেষ্ঠ কর্মকর্তা ও পরিচালকেরা দায়িত্ব ছাড়ার পর এমন পদ পেয়ে থাকেন।

২০২৫ সালের শেষ দিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দেন বাফেট। গত সেপ্টেম্বরে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন গ্রেগ অ্যাবেল। অন্যদিকে বার্কশায়ারের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হয়েছেন হাওয়ার্ড বাফেট।

সর্বশেষ দানের আগে ফোর্বসের হিসাবে বাফেটের সম্পদের পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল সপ্তম।

বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত বাফেট শেয়ারহোল্ডারদের জানিয়েছেন, বার্কশায়ারের ভবিষ্যৎ নিয়ে তিনি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি আশাবাদী। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল তাঁর প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছেন।

সোমবারের বার্তায় বাফেট লিখেছেন, ‘এই আস্থা আগের মতোই অটুট।’

গত জুলাইয়ে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে এপস্টিনের সম্পর্ককে ‘অরুচিকর’ বলে মন্তব্য করেছিলেন বাফেট। তবে সন্তানদের বয়স বাড়ছে এবং তাঁরা বাবার সম্পদ দাতব্য কাজে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন। এ বিবেচনায় পারিবারিক দাতব্য সংস্থাগুলোর দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০৩৪ সালের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী সব শেয়ার দান করতে চান বাফেট।

সোমবারের বার্তায় সন্তানদের সক্ষমতা ও বিশ্বস্ততার প্রশংসা করেন তিনি। বাফেট বলেন, ‘আমার সন্তানেরা কয়েক দশক ধরে বিভিন্ন কল্যাণকর কাজে অনুদান দিয়ে আসছে। তাদের সক্ষমতা ও বিশ্বস্ততার ওপর আমার শতভাগ আস্থা আছে। তাঁরা বিচার-বিবেচনা করেই এসব সিদ্ধান্ত নিচ্ছেন’।

বার্কশায়ারের ব্যবসা ও বিনিয়োগ

বার্কশায়ার হ্যাথাওয়ের মালিকানায় রয়েছে কয়েক ডজন ব্যবসাপ্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে গাড়ির বিমা প্রতিষ্ঠান জিকো এবং রেলপথ পরিচালনাকারী প্রতিষ্ঠান বিএনএসএফ। এ ছাড়া জ্বালানি, শিল্প ও খুচরা বিক্রয় খাতেও প্রতিষ্ঠানটির ব্যবসা রয়েছে।

গত সেপ্টেম্বরের শেষে বিভিন্ন কোম্পানিতে বার্কশায়ারের শেয়ার ছিল ৩৩ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের। এসব বিনিয়োগের মধ্যে রয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, আমেরিকান এক্সপ্রেস, অ্যাপল ও কোকা-কোলা।

চলতি মাসে বার্কশায়ারের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছায়। গ্রেগ অ্যাবেল প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর গত শুক্রবার পর্যন্ত শেয়ারের দাম বেড়েছে ১৮ শতাংশ। এ সময়ে প্রতিষ্ঠানটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৬ হাজার কোটি ডলার।

নিজের বার্তায় বার্কশায়ারের সাবেক ভাইস চেয়ারম্যান চার্লি মাঙ্গারের কথাও স্মরণ করেছেন বাফেট। ২০২৩ সালে মারা যান মাঙ্গার। গত বছরের বার্তায় তিনি বলেছিলেন, মানুষের প্রতি সদয় হওয়ার আর্থিক প্রাপ্তি নেই, কিন্তু এর মূল্য অপরিসীম।

বিনিয়োগগুরু হিসেবে পরিচিত ওয়ারেন বাফেট তাঁর সম্পদের ৯৯ শতাংশ দান করার ঘোষণা দিয়েছেন। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে সম্পদ দান করে আসছেন তিনি। মৃত্যুর পর তাঁর সম্পদের ব্যবস্থাপনা কীভাবে হবে, সে বিষয়েও দিকনির্দেশনা দিয়েছেন বাফেট।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22898 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 09:02:34 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh