![]()
ইবি রিপোর্ট
ইউরোপের তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের অবস্থান ক্রমেই চাপে পড়ছে। রপ্তানি কমার পাশাপাশি বাজার হিস্যাও হারাচ্ছে দেশের তৈরি পোশাক খাত। বিপরীতে চীন ও ভিয়েতনাম নিজেদের রপ্তানি বাড়িয়ে ইউরোপের বাজারে অবস্থান শক্ত করছে। চলতি বছরের প্রথম নয় মাসের পরিসংখ্যানে বাংলাদেশের সঙ্গে প্রতিযোগী দেশগুলোর ব্যবধান আরও বেড়েছে।
ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশ থেকে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি হয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫ দশমিক ৩০ বিলিয়ন ইউরো। অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো বা প্রায় ১২ শতাংশ।
এ সময়ে ইউরোপীয় ইউনিয়নের মোট পোশাক আমদানিও কমেছে। গত বছরের প্রথম নয় মাসে ৭২ দশমিক ৫১ বিলিয়ন ইউরোর পোশাক আমদানি করেছিল ইইউ। চলতি বছরের একই সময়ে তা নেমে এসেছে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরোতে। কমার হার ২ দশমিক ৪৬ শতাংশ। তবে সামগ্রিক বাজারের তুলনায় বাংলাদেশের রপ্তানি হ্রাসের হার বেশি। প্রধান সরবরাহকারী দেশগুলোর মধ্যে চীন ও ভিয়েতনাম ছাড়া অন্যদের রপ্তানিও কমেছে।
চীন ও ভিয়েতনামের অগ্রগতি
ইউরোপের বাজারে চীনের পোশাক রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৪৬ শতাংশ। চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে দেশটি ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরোর পোশাক রপ্তানি করেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৩ দশমিক ২১ বিলিয়ন ইউরো। ফলে ইইউর পোশাক আমদানিতে চীনের বাজার হিস্যা বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের বছর ছিল ৩২ দশমিক ০২ শতাংশ। একই সময়ে দেশটির পোশাক সরবরাহের পরিমাণও বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ।
অন্যদিকে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ৪ দশমিক ৩৩ শতাংশ। দেশটি প্রথম নয় মাসে ইউরোপে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ইউরোর পোশাক পাঠিয়েছে। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ দশমিক ৩৩ বিলিয়ন ইউরো। এ অগ্রগতিতে ভারতকে পেছনে ফেলে ইইউর চতুর্থ বৃহত্তম পোশাক সরবরাহকারী হয়েছে ভিয়েতনাম। দেশটির পোশাক সরবরাহের পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমলেও রপ্তানিমূল্য বেড়েছে।
কমেছে বাংলাদেশের পোশাকের গড় দাম
ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণও কমেছে। চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশ ৯৮ কোটি ৪ লাখ ৬০ হাজার কেজি পোশাক পাঠিয়েছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১০৪ কোটি কেজি। সে হিসাবে রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ।
একই সময়ে প্রতি কেজি পোশাকের গড় রপ্তানিমূল্য ১৪ দশমিক ৬৫ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৭০ ইউরো হয়েছে। অর্থাৎ কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। বিপরীতে ইইউর সামগ্রিক পোশাক আমদানির গড় মূল্য ছিল প্রতি কেজি ১৯ দশমিক ৫৯ ইউরো। প্রতিযোগী দেশগুলোর মধ্যে শুধু পাকিস্তানের গড় মূল্য বাংলাদেশের চেয়ে কম, ১০ দশমিক ৯০ ইউরো।
এদিকে ভিয়েতনামের পোশাকের গড় মূল্য ৮ দশমিক ১৮ শতাংশ বেড়ে প্রতি কেজি ২৮ দশমিক ৫৮ ইউরো হয়েছে। কম্বোডিয়ার ক্ষেত্রে তা ৮ দশমিক ৪২ শতাংশ বেড়ে ১৮ দশমিক ৩৮ ইউরোতে দাঁড়িয়েছে। চীনের গড় মূল্য ১ দশমিক ৮০ শতাংশ কমে হয়েছে ১৯ দশমিক ৬৯ ইউরো।
প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণ
বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, দেশের পোশাক রপ্তানি বাড়ছে বলে দাবি করা হলেও ইউরোপের বাজারে চীন ও ভিয়েতনামের তুলনায় বাংলাদেশ পিছিয়ে পড়ছে।
তাঁর মতে, ভিয়েতনামের পোশাকশিল্পে কৃত্রিম তন্তুর ব্যবহার বেশি। এতে বেশি মূল্য সংযোজনের সুযোগ থাকায় দেশটি উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও রপ্তানিতে সুবিধা পাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের তুলনায় ভিয়েতনামের পণ্য দ্রুত গন্তব্যে পৌঁছায়। ফলে ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও দেশটির উৎপাদকেরা এগিয়ে থাকছেন।
রপ্তানিকারকদের মতে, উৎপাদন খরচ, জ্বালানি সংকট এবং প্রতিযোগী দেশগুলোর মূল্যনীতির কারণে বাংলাদেশের রপ্তানিতে চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নীতিগত সহায়তার পাশাপাশি নতুন বাজার অনুসন্ধান, পণ্যে বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।
চলতি বছরের প্রথম নয় মাসে ইইউর পোশাক আমদানির বাজারে বাংলাদেশের হিস্যা ছিল ১৯ দশমিক ০৬ শতাংশ। অন্যদিকে চীনের হিস্যা বেড়ে হয়েছে ৩৪ দশমিক ২৯ শতাংশ। ২০২৫ সালে অবশ্য ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছিল। ওই বছর রপ্তানি হয় ১৯ দশমিক ৪১ বিলিয়ন ইউরো, যা ২০২৪ সালের ১৮ দশমিক ৩১ বিলিয়ন ইউরোর তুলনায় ৫ দশমিক ৯৭ শতাংশ বেশি। তবে চলতি বছরের চিত্র ভিন্ন। রপ্তানির মূল্য, পরিমাণ ও গড় দাম—তিন ক্ষেত্রেই পতন বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন প্রতিযোগিতার চাপ তৈরি করেছে।