![]()
ইবি রিপোর্ট
রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. নূরুল হুদা। সোমবার (১৬ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তিনি এ পদে যোগ দেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
বেসিক ব্যাংকে যোগ দেওয়ার আগে নূরুল হুদা জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপব্যবস্থাপনা পরিচালক এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
আইসিবিতে কর্মরত থাকাকালে পোর্টফোলিও ব্যবস্থাপনা, ট্রাস্টি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রধান অর্থপাচার প্রতিরোধ ও পরিপালন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
১৯৯৬ সালে অগ্রণী ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন নূরুল হুদা। দীর্ঘদিনের কর্মজীবনে তিনি ব্যাংকটির মহাব্যবস্থাপক হিসেবে খুলনা ও বরিশাল সার্কেলের প্রধান ছিলেন।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা, ট্রেজারি, শিল্পঋণ বিভাগ, প্রধান শাখা এবং বৈদেশিক মুদ্রা করপোরেট শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন তিনি।
শিক্ষাজীবনে নূরুল হুদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক সম্মান এবং ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে বিপণন বিষয়ে নির্বাহী এমবিএ সম্পন্ন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েট।
ব্যাংক খাতে প্রায় তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন নূরুল হুদার ব্যবস্থাপনা, ঝুঁকি নিয়ন্ত্রণ, ট্রেজারি, ঋণ ও বিনিয়োগ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা রয়েছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ এবং সেমিনারেও অংশ নিয়েছেন তিনি।
১৯৭২ সালে পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন মো. নূরুল হুদা।