• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ডিএফসির অর্থায়নে ঋণ, বিনিয়োগ ও বিমা সুবিধা পাবে বাংলাদেশ

ডিএফসির অর্থায়নে ঋণ, বিনিয়োগ ও বিমা সুবিধা পাবে বাংলাদেশ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৩
  • ১৫

---

 ইবি রিপোর্ট 

 উন্নয়ন প্রকল্প ও বেসরকারি খাতে অর্থায়নের নতুন সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের জন্য। যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ডিএফসির তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ। ফলে এখন থেকে সংস্থাটির কাছে ঋণ, বিনিয়োগ, প্রকল্প সহায়তা ও বিমা সুরক্ষার আবেদন করতে পারবে দেশ।সোমবার যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) বাংলাদেশকে অর্থায়নের যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে। এর ফলে উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থায়নের নতুন উৎস তৈরি হলো।

ডিএফসি থেকে সরাসরি ঋণ নেওয়ার পাশাপাশি প্রকল্প বাস্তবায়নেও সহায়তা পাওয়া যাবে। এ ছাড়া বেসরকারি খাতে ইকুইটি বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে। অন্য উৎস থেকে নেওয়া ঋণের বিপরীতে বিমা সুরক্ষা ও গ্যারান্টিও দিতে পারবে সংস্থাটি।

ডিএফসি তাদের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের অর্থায়নের সুযোগ বিনিয়োগের ঘাটতি পূরণে সহায়তা করবে। পাশাপাশি তহবিল সংকটে থাকা বাণিজ্যিকভাবে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন সহজ হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন ও স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, অর্থনৈতিক চাপের সময়ে বাংলাদেশ নতুন অর্থায়নের উৎস পেয়েছে। ডিএফসি থেকে বড় ঋণ বা বিনিয়োগ না মিললেও অন্য উৎস থেকে অর্থ সংগ্রহ সহজ হবে।

তিনি বলেন, ডিএফসি ঋণ ও বিনিয়োগের বিপরীতে বিমা সুরক্ষা এবং গ্যারান্টি দেয়। এতে বড় ঋণদাতাদের কাছে বাংলাদেশের ঋণঝুঁকি তুলনামূলক কম বিবেচিত হবে। ফলে ঋণের মেয়াদ বাড়ানো ও সুদ কমানোর বিষয়ে দর-কষাকষির সুযোগ তৈরি হবে।

ডিএফসি কী

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। দেশটির পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি। বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগে সহায়তা করাও এর কার্যক্রমের অংশ।

ডিএফসির বিনিয়োগের মাধ্যমে মার্কিন করদাতাদের জন্য মুনাফা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চায় সংস্থাটি। প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখাও তাদের উদ্দেশ্য।

প্রতিষ্ঠা ও কার্যক্রমের বিস্তার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে ডিএফসি প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে সংস্থাটিকে কার্যক্রম সম্প্রসারণের ক্ষমতা দেওয়া হয়। বর্তমানে ডিএফসির অর্থায়নের যোগ্য দেশের সংখ্যা ১৯২টি। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ।

যেসব খাতে বিনিয়োগ করে ডিএফসি

মোট সাতটি খাতে বিনিয়োগ করে থাকে ডিএফসি। এসব খাতের মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, অবকাঠামো ও লজিস্টিকস। জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতও সংস্থাটির বিনিয়োগ অগ্রাধিকারে রয়েছে।

এ ছাড়া কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং আর্থিক সেবায় অর্থায়ন করে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ এখন এসব খাতের প্রকল্প বাস্তবায়নে ডিএফসির কাছে ঋণের আবেদন করতে পারবে।

এ পর্যন্ত বিভিন্ন দেশকে ৪০ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে ডিএফসি। পাশাপাশি অর্থায়নের ঘাটতি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে সংস্থাটি।

ছয় ধরনের অর্থায়ন সুবিধা

ডিএফসি থেকে মোট ছয় ধরনের আর্থিক সুবিধা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ২৫ বছরের জন্য সরাসরি ঋণ দেওয়ার ব্যবস্থা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সম্প্রসারণে ব্যবসাপ্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগও করে সংস্থাটি।

প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থায়ন এবং বেসরকারি খাতের মূলধন ঘাটতি পূরণেও সহায়তা দেয় ডিএফসি। এ ক্ষেত্রে সরাসরি ঋণ ও ইকুইটি বিনিয়োগের সুযোগ রয়েছে।

মুদ্রা বিনিময়ের অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ ও রাজনৈতিক সহিংসতায় ক্ষতির বিপরীতে বিমা সুরক্ষা দেয় প্রতিষ্ঠানটি। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সৃষ্ট ক্ষতিও এই সুরক্ষার আওতায় রয়েছে। এ ছাড়া ঋণ পরিশোধের গ্যারান্টি দেওয়ার সুবিধাও রয়েছে।

অর্থায়ন পেতে যেসব যোগ্যতা লাগবে

ডিএফসি সাধারণত এমন প্রকল্পে অর্থায়ন করে, যেগুলোর বাণিজ্যিক সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রভাব রয়েছে। বিশেষ করে যেসব দেশে বিনিয়োগের প্রয়োজন বেশি, সেসব দেশের প্রকল্পকে অগ্রাধিকার দেয় সংস্থাটি।

অর্থায়ন পেতে প্রকল্প বা ব্যবসাকে পাঁচ ধরনের শর্ত পূরণ করতে হয়। প্রথমত, প্রকল্পটি ডিএফসির কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত দেশে অবস্থিত হতে হবে। বাংলাদেশ এখন এই যোগ্য দেশের তালিকায় রয়েছে।

দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাও তালিকাভুক্ত। এসব দেশের প্রকল্প ও ব্যবসাপ্রতিষ্ঠান ডিএফসির অর্থায়নের আবেদন করতে পারে।

দ্বিতীয়ত, প্রকল্পকে ডিএফসির পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে চলতে হবে। পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হবে। পাশাপাশি প্রকল্পটি স্বাগতিক দেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করবে, সেটিও নিশ্চিত করতে হবে।

তৃতীয়ত, প্রকল্পকে ডিএফসির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। উন্নয়নশীল বিশ্বের সমস্যা সমাধানে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বে কাজ করে সংস্থাটি। দরিদ্রতম দেশ ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলোও তাদের বিবেচনায় থাকে।

চতুর্থত, সংশ্লিষ্ট শিল্প খাতে বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানের সফলতার অভিজ্ঞতা থাকতে হবে। প্রকল্প পরিচালনাকারী ব্যবস্থাপনা দলের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতাও থাকতে হবে। একই ধরনের বা কাছাকাছি ব্যবসায় সাম্প্রতিক সফলতার প্রমাণ দিতে হবে। আর্থিক বিবরণীর মাধ্যমে এসব তথ্য যাচাই করা হয়।

পঞ্চমত, বিনিয়োগকারী বা ব্যবসাপ্রতিষ্ঠানকে বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থায়নের চেষ্টা করতে হবে। ডিএফসি বেসরকারি ঋণদাতাদের সঙ্গে প্রতিযোগিতা করে না। বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করে প্রতিষ্ঠানটি। বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়া প্রকল্পগুলোকে সহায়তা দেয় ডিএফসি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22893 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 09:34:40 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh