![]()
ইবি রিপোর্ট
মোবাইল ফোন অপারেটরদের ব্যবহৃত তরঙ্গ নবায়নের অর্থ কিস্তিতে পরিশোধ করতে হলে সুদ বাবদই গুনতে হবে প্রায় ৭ হাজার ৮৯৪ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের দেওয়া শর্ত অনুযায়ী, তরঙ্গের মূল্য ও সুদ মিলিয়ে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়াতে পারে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা। এ শর্ত নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে মোবাইল অপারেটরদের মধ্যে।
গত ১২ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি চিঠি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়। চিঠি পাওয়ার পর বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে কয়েক দফা বৈঠক করেছেন নীতিনির্ধারকেরা। সোমবার মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহীরা টেলিযোগাযোগ মন্ত্রণালয়সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন।
বৈঠকে অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, গত ২০ থেকে ২৫ বছর ধরে তরঙ্গের মূল্য কিস্তিতে পরিশোধের সুযোগ থাকলেও কখনো কিস্তির জন্য সুদ দিতে হয়নি। এবার সুদ আরোপ করা হলে অনেক অপারেটর নতুন বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যায় পড়বে।
৯০০, ১ হাজার ৮০০ ও ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গের মেয়াদ শেষ হয়েছে গত ১০ নভেম্বর। এখন ২০ বছর মেয়াদে এই তিন ব্যান্ডের মোট ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গ পুনরায় নিলামের মাধ্যমে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মধ্যে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে।
এ জন্য গত মাসে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) একটি প্রস্তাব টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায়। প্রস্তাবে প্রতি মেগাহার্টজ ৯০০ মেগাহার্টজ ব্যান্ডের মূল্য ৩১৬ কোটি টাকা, ১ হাজার ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের মূল্য ২৬৪ কোটি টাকা এবং ২ হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের মূল্য ২২৯ কোটি টাকা নির্ধারণের কথা বলা হয়।
বিটিআরসির হিসাব অনুযায়ী, প্রস্তাবিত দামে তরঙ্গ বিক্রি করা হলে মোবাইল অপারেটরদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার কোটি টাকা রাজস্ব পাওয়া যেতে পারে। প্রস্তাবটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের উপসচিব খায়রুন নাহার স্বাক্ষরিত চিঠিতে তিন ব্যান্ডের তরঙ্গের প্রস্তাবিত মূল্যে সম্মতি দেওয়া হয়েছে। তবে সরকার এককালীন অর্থ আদায়কে উৎসাহিত করছে বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রস্তাবে ১২ কিস্তিতে ১০ বছর ৫ মাসে মূল্য পরিশোধের সুযোগ রাখার কথা বলা হয়েছিল।
অর্থ মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, এক বছরের মধ্যে তরঙ্গের সম্পূর্ণ মূল্য পরিশোধ করা না হলে তৃতীয় কিস্তি থেকে প্রতিটি কিস্তির ওপর ৯০ দিন মেয়াদি সরকারি ট্রেজারি বিলের সুদ দিতে হবে। বর্তমানে এই সুদের হার ৮ দশমিক ১১ শতাংশ।
এ ছাড়া তরঙ্গ নবায়নের শর্ত হিসেবে অপারেটরদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে ভ্যাট, কর ও সিম ট্যাক্সসংক্রান্ত কোনো বকেয়া নেই—এমন একটি সনদ জমা দিতে হবে।
অর্থ বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী, ৭৯ দশমিক ২ মেগাহার্টজ তরঙ্গের জন্য সুদ ছাড়া অপারেটরদের পরিশোধ করতে হবে ২১ হাজার ২৩৮ কোটি টাকা। কিস্তিতে পরিশোধের ক্ষেত্রে সুদ যুক্ত হয়ে মোট অর্থের পরিমাণ দাঁড়াবে ২৯ হাজার ১৩২ কোটি ৩৭ লাখ টাকা।
হিসাব অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় কিস্তিতে প্রতিবার ১ হাজার ৭৬৯ কোটি ৮৩ লাখ টাকা করে দিতে হবে। তৃতীয় কিস্তিতে সুদসহ পরিশোধের পরিমাণ হবে ৩ হাজার ২০৫ কোটি টাকা এবং চতুর্থ কিস্তিতে ৩ হাজার ৬১ কোটি টাকা। এভাবে ১২তম কিস্তিতে ১০ বছর পর পরিশোধ করতে হবে ১ হাজার ৯১৩ কোটি ৩৭ লাখ টাকা।