• হোম > অর্থনীতি | জাতীয় | বানিজ্য > পণ্য পরিবহনে রেলের সক্ষমতা বাড়াতে ২৭৬৯ কোটি টাকার প্রকল্প

পণ্য পরিবহনে রেলের সক্ষমতা বাড়াতে ২৭৬৯ কোটি টাকার প্রকল্প

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৫:০৭
  • ২০

---

ইবি রিপোর্ট 

দেশের পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়াতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর আওতায় বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ। নতুন ইঞ্জিন সংগ্রহের মাধ্যমে পুরোনো ইঞ্জিনের সংকট কমানোর পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মাধ্যমে মিটারগেজ রুটে ইঞ্জিনের ঘাটতি পূরণ, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন প্রতিস্থাপন এবং মালবাহী ট্রেন পরিচালনার সুযোগ বাড়ানো হবে। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থ আসবে সংস্থাটির ঋণ থেকে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের মোট পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ রেলপথে হয়ে থাকে। অথচ তুলনামূলক কম খরচে দীর্ঘ দূরত্বে বেশি পণ্য পরিবহন এবং সড়কের ওপর চাপ কমানোর সুযোগ রয়েছে রেলওয়ের।

প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি নতুন লোকোমোটিভের আনুমানিক মূল্য প্রায় ৬৯ কোটি টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী প্রতিষ্ঠান নির্বাচন করা হবে। ইঞ্জিনের পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ সরঞ্জাম, বিশেষায়িত টুলস ও কারিগরি সহায়তা সংগ্রহ করা হবে। প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও থাকবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন  গণমাধ্যমকে বলেন, ‘রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি।’

তিনি বলেন, ‘আমাদের অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। এর ফলে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে।’

বাংলাদেশ রেলওয়ের বহরে বর্তমানে ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ ও ১২৮টি ব্রডগেজ। মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে। রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল পেরিয়ে গেছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি।

পুরোনো ইঞ্জিনের যন্ত্রাংশ সংগ্রহ কঠিন হওয়ায় রক্ষণাবেক্ষণেও সমস্যা হচ্ছে। কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে চালু করতে দীর্ঘ সময় লাগে। এতে ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা কমে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, ‘আমরা রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চাই না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং তুলনামূলক সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।’

বাংলাদেশ রেলওয়ের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়। ২০২১-২২ অর্থবছরে তা ছিল ৫৩ লাখ ৩৩ হাজার টন। ২০২২-২৩ অর্থবছরে কমে দাঁড়ায় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টনে। চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও কনটেইনার রেলপথে পরিবহন করা হয়।

গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। নতুন ইঞ্জিন যুক্ত হলে অতিরিক্ত ট্রেন পরিচালনা, সময়সূচি ঠিক রাখা এবং বিদ্যমান রেলপথের ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22885 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 09:54:41 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh