![]()
ইবি রিপোর্ট
দেশের চিনিশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়াতে তিনটি আধুনিক চিনিকল স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোতে চায় জাপানের মারুবেনি করপোরেশন। প্রস্তাবিত কারখানাগুলোতে চিনি উৎপাদনের পাশাপাশি বিদ্যুৎ ও শিল্পে ব্যবহারের উপযোগী অ্যালকোহল উৎপাদনের পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির। এ বিষয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) সঙ্গে আলোচনা করেছে জাপানি কোম্পানিটির প্রতিনিধিদল।
বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে গতকাল সোমবার রাজধানীর মতিঝিলে বিএসএফআইসির প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মারুবেনি করপোরেশনের ব্যবসা উন্নয়ন বিভাগের মহাপরিচালক তোমোইউকি কাকিউচি এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি হেড মানাবু সুগাওয়ারা উপস্থিত ছিলেন। বিএসএফআইসির পক্ষে ছিলেন পরিচালক আব্দুল আলীম খান ও তাহমিনা আক্তার।
বৈঠক শেষে বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামসুজ্জামান সাংবাদিকদের জানান, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। মারুবেনিকে বিনিয়োগের বিষয়ে লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, ‘বিনিয়োগসংক্রান্ত লিখিত প্রস্তাবনা দিলে আমরা এটা সক্রিয়ভাবে বিবেচনা করব।’
বিএসএফআইসির অধীনে দেশে মোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ছয়টি পাঁচ বছরের বেশি সময় ধরে বন্ধ। বাকি কারখানাগুলোর বেশির ভাগও উৎপাদন সংকটে রয়েছে। একসময় এসব চিনিকলের সম্মিলিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ছিল ২ লাখ ১০ হাজার টন। তবে তা ক্রমে কমেছে। ২০২৪–২৫ অর্থবছরে নয়টি চিনিকলে উৎপাদিত হয় মাত্র ৪৬ হাজার টন চিনি।
উৎপাদন কমে যাওয়ায় সংস্থাটির লোকসানও বেড়েছে। ২০২৪–২৫ অর্থবছরে বিএসএফআইসির লোকসানের পরিমাণ দাঁড়ায় ৫৫৪ কোটি ৩৬ লাখ টাকা। ওই সময়ে চালু নয়টি চিনিকলের মধ্যে শুধু কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৯৭ কোটি ৮ লাখ টাকা মুনাফা করে।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে চিনির চাহিদা ২০ লাখ মেট্রিক টনের বেশি। এই চাহিদার প্রায় পুরোটাই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।
মারুবেনির পরিকল্পনায় যা আছে
বিএসএফআইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, মারুবেনি তার অঙ্গপ্রতিষ্ঠান মারুবেনি প্রোটেকস করপোরেশনের মাধ্যমে এ বিনিয়োগ করতে চায়। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশে শিল্পকারখানার যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালনকেন্দ্র নির্মাণের কাজ করে মারুবেনি প্রোটেকস।
বিএসএফআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মারুবেনির প্রাথমিক পরিকল্পনায় দেশের পশ্চিমাঞ্চলের তিনটি স্থানে আধুনিক চিনিকল স্থাপনের প্রস্তাব রয়েছে। এসব কারখানায় প্রতিদিন সম্মিলিতভাবে ১৪ হাজার টন আখ মাড়াইয়ের সক্ষমতা রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে দুটি কারখানায় দৈনিক ৪ হাজার টন করে এবং অন্যটিতে ৬ হাজার টন আখ মাড়াই করা যাবে। কারখানাগুলোতে অপরিশোধিত চিনি প্রক্রিয়াজাতের ব্যবস্থাও রাখার কথা রয়েছে।
আখের ছোবড়া জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে মারুবেনির। এভাবে উৎপাদিত বিদ্যুৎ থেকে প্রায় ১৫ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে। পাশাপাশি উৎপাদিত অ্যালকোহল ওষুধ, প্রসাধনী ও রং তৈরির কাঁচামাল হিসেবে রপ্তানির পরিকল্পনা রয়েছে।
প্রস্তাবে আখের ফলন ও চিনি আহরণের হার বাড়াতে টিস্যু কালচার পরীক্ষাগার স্থাপন এবং আধুনিক চাষপদ্ধতি চালুর কথাও বলা হয়েছে। এ ছাড়া শ্রমিক ও আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য ১০ শয্যার তিনটি হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগে মারুবেনির সঙ্গে রয়েছে থাইল্যান্ডের সুটেক ইঞ্জিনিয়ারিং। বিএসএফআইসি ও কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানকে নিয়ে যৌথ উদ্যোগ গঠনের কথাও জানিয়েছে কোম্পানিটি।
বন্ধ চিনিকল ইজারা নেওয়া কিংবা সেখানে অন্য পণ্য উৎপাদনে দেশীয় শিল্পগোষ্ঠীর আগ্রহের বিষয়ে বিএসএফআইসির চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি এখনো দরপত্রের পর্যায়ে যায়নি। দেশীয় উদ্যোক্তাদের প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। আমাদের সবকিছুর মধ্যে কিন্তু প্রথম লক্ষ্য হচ্ছে, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধি করা।’