• হোম > জাতীয় | বিনোদন | বিশ্ব সংবাদ > বিয়ে নিয়ে ভক্তের কটাক্ষ, যা বললেন জেনিফার লোপেজ

বিয়ে নিয়ে ভক্তের কটাক্ষ, যা বললেন জেনিফার লোপেজ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৪:৩৭
  • ১৯

---

ইবি বিনোদন ডেস্ক 

চারবার বিয়ে করেছেন হলিউড তারকা জেনিফার লোপেজ। ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে প্রায়ই আলোচনায় আসেন এই গায়িকা ও অভিনেত্রী। এবার নিজের বিয়ের সংখ্যা নিয়ে এক ভক্তের রসিকতার মুখোমুখি হলেন তিনি। তবে বিরক্তি প্রকাশ না করে হাসিমুখেই মজার জবাব দিয়েছেন জেনিফার।

সম্প্রতি নিউইয়র্কে ‘দ্য জেলো শো’-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জেনিফার। সেখানে অভিনেত্রী র‍্যাচেল জেগলারের সঙ্গে নিজের চারটি বিয়ে নিয়ে কথা বলছিলেন তিনি।

আলোচনার একপর্যায়ে দর্শক সারি থেকে এক ভক্ত মন্তব্য করেন, ‘আপনার হাতে এখনও ছয়টি আঙুল বাকি আছে।’ অর্থাৎ আরও ছয়বার বিয়ে করার সুযোগ রয়েছে বলে রসিকতা করেন ওই দর্শক।

ভক্তের মন্তব্য শুনে জেনিফার সংক্ষেপে বলেন, ‘হ্যাঁ, আছে।’ এরপর হাসিতে ফেটে পড়েন এই হলিউড তারকা। মন্তব্যটিকে জীবনে শোনা সবচেয়ে মজার কথা বলেও উল্লেখ করেন তিনি। পরে র‍্যাচেল ও জেনিফার মজা করে বলেন, কথাটি টি-শার্টে ছাপানো উচিত।

ভবিষ্যতে বিবাহবিচ্ছেদ নিয়ে কেউ প্রশ্ন করলে কী বলবেন, সেটিও জানান জেনিফার। তিনি বলেন, তখন শুধু বলবেন, ‘আমার আরও ছয়টি আঙুল আছে।’ তবে পুরো আলোচনায় হাস্যরস বজায় রাখলেও শেষদিকে কিছুটা গম্ভীর হয়ে ওঠেন অভিনেত্রী। এ সময় তিনি বলেন, ‘আমার মধ্যে আর সেই শক্তি আছে কি না, জানি না।’

জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহের বিষয়। ১৯৯৭ সালে ওজানি নোয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক বছরের মধ্যেই তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটে।

এরপর ২০০১ সালে নৃত্যশিল্পী ক্রিস জাডকে বিয়ে করেন জেনিফার। ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তী সময়ে ২০০৪ সালে সংগীতশিল্পী মার্ক অ্যান্থনিকে বিয়ে করেন তিনি।

মার্ক অ্যান্থনির সঙ্গে সংসারে জেনিফারের দুই সন্তান রয়েছে। তাদের নাম ম্যাক্স ও এমি। সাত বছরের দাম্পত্যের পর ২০১১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।

জেনিফারের চতুর্থ বিয়ে হয় হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে। ২০০০-এর দশকের শুরুর দিকে তাদের বাগদান হয়েছিল। তবে পরবর্তী সময়ে ভেঙে যায় সেই সম্পর্ক। প্রায় দুই দশক পর আবারও সম্পর্কে জড়ান এই তারকা জুটি।

২০২২ সালে বিয়ে করেন জেনিফার ও বেন অ্যাফ্লেক। তবে সেই দাম্পত্যও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22865 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 11:20:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh