![]()
ইবি রিপোর্ট
ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারে ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্প এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব পালন করছেন তাঁরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় মোট ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।
অন্যদিকে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে দায়িত্ব পালন করছেন ১৫ প্লাটুন বিজিবি সদস্য। জেলাটির চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে।
নারায়ণগঞ্জে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁদের অবস্থান রয়েছে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় রাখতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইস ব্যবহার করা হচ্ছে। এসব প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সদস্যরা।
পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা কার্যক্রম ও দায়িত্ব পালন অব্যাহত রয়েছে।