![]()
ইবি রিপোর্ট
আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রমাণ করে, দলটি বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং ভারতের পরিচালিত একটি সংগঠন—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ সব সময় ভারতকে নিজেদের আশ্রয়স্থল মনে করে। অথচ নিজেদের দেশপ্রেমিক হিসেবে তুলে ধরতে গিয়ে বিএনপি ও জামায়াতকে পাকিস্তানপন্থি বলে আখ্যা দিত দলটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন সারজিস। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে এ সভার আয়োজন করে দলটি।
সারজিস আলম বলেন, বিএনপি ও জামায়াতের কেউ কখনো পাকিস্তানে আশ্রয় নেয়নি। অথচ আওয়ামী লীগ তাদের পাকিস্তানপন্থি বলে প্রচার করেছে। তাঁর মতে, এ ধরনের বক্তব্যের মধ্য দিয়েই আওয়ামী লীগের নিজেদের অবস্থান প্রকাশ পেয়েছে। এ প্রসঙ্গে তিনি ‘ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা প্রতিরোধে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন সারজিস আলম। তাঁর দাবি, এর পরিবর্তে বিরোধী দলের নেতাকর্মীদের বিভিন্নভাবে চাপে রাখার নীতি অনুসরণ করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, সংসদ নির্বাচনের আগে বিএনপি বিভিন্ন এলাকায় সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও দলটি একই ধরনের উদ্যোগ নিয়েছে বলে দাবি করেন তিনি। সারজিসের মতে, এ ধরনের পদক্ষেপ জুলাইয়ের আদর্শের পরিপন্থি।
ভারতের উদ্দেশে সারজিস আলম বলেন, বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের বিষয়টিকে প্রাধান্য না দিয়ে দেশটির জনগণের স্বার্থ বিবেচনা করা উচিত। তবে দুঃখজনকভাবে ভারত এখনো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে এবং দলটিকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
সারজিসের অভিযোগ, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে। একই সঙ্গে শরিফ ওসমান হাদির হত্যাকারীদেরও হস্তান্তর করছে না।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ দলের কেন্দ্রীয় নেতারা।