• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ২৭৬ নতুন উদ্যোক্তাকে ঋণ দিল বিসিক

২৭৬ নতুন উদ্যোক্তাকে ঋণ দিল বিসিক

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪৪
  • ১৯

---

ইবি রিপোর্ট

দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাতের ৫১১ উদ্যোক্তাকে ঋণ দিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সারাদেশে একযোগে বিতরণ করা হয়েছে মোট ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। এ অর্থায়নের মাধ্যমে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৫০ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, শিল্পায়ন সম্প্রসারণ এবং কর্মসংস্থান বাড়ানোও এর লক্ষ্য।

গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের সম্মেলনকক্ষে ঋণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমানে বিসিক দুই লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দিতে পারে। এর বেশি অর্থের ঋণ নিতে হলে জামানত দিতে হয়। জেলা পর্যায়ে পাঁচ লাখ টাকা এবং এর ঊর্ধ্বে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।

জামানত ছাড়া ঋণের পরিমাণ বাড়ানো যায় কি না, তা পর্যালোচনা করা হবে বলে জানান তিনি। এ ক্ষেত্রে ঋণ আদায়ের হার ৯০ শতাংশের বেশি। তাঁর মতে, এ হার প্রমাণ করে ঋণগ্রহীতারা ভালো উদ্যোক্তা।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, ঋণ পাওয়া ৫১১ জনের অর্ধেকের বেশি নতুন উদ্যোক্তা। এ উদ্যোগ দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা এবং উদ্ভাবনী উদ্যোগের পথ তৈরি করবে।

তিনি বলেন, বিসিক কেবল উদ্যোক্তা তৈরি করে না, তাদের দক্ষতা বাড়াতেও সহায়তা করে। পাশাপাশি টেকসই শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করছে।

বিসিকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—এই চার আঞ্চলিক কার্যালয়ের আওতায় ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তাকে দেওয়া হয়েছে ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, ২৭৬ জন নতুন উদ্যোক্তা পেয়েছেন ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা।

ঋণপ্রাপ্তদের মধ্যে নারী উদ্যোক্তা ২৩২ জন এবং পুরুষ ২৭৯ জন। খাদ্য ও খাদ্যজাত পণ্য, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত পণ্যসহ বিভিন্ন খাতে এ অর্থ বিতরণ করা হয়েছে।

এ ছাড়া বন ও বনজাত, চামড়া ও চামড়াজাত, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক এবং ইলেকট্রনিকস খাতেও ঋণ দেওয়া হয়েছে। সেবাসহ মোট ১৪টি শিল্প খাতের উদ্যোক্তারা এ সুবিধা পেয়েছেন।

বর্তমানে বিসিকের তিনটি ঋণ কর্মসূচি চালু রয়েছে। এগুলো হলো নিজস্ব তহবিলের (বিনিত) ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন কর্মসূচি।

আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা করেছে বিসিক। এ সময়ে প্রায় ৫০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। রুগ্‌ণ ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতেও উদ্যোগ নেওয়া হবে।

পাশাপাশি হালকা প্রকৌশল শিল্পের উন্নয়নে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে বিসিকের।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22835 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:32:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh