![]()
ইবি রিপোর্ট
গভীর রাতে মোটরসাইকেলে এসে নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের প্রধান ফটকে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং ব্যাংকের বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গ্রামীণ ব্যাংকের বাঁশবাড়িয়া শাখার ব্যবস্থাপক মো. শফিউল হাসান নৈশপ্রহরীর বরাতে জানান, রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত ব্যাংকের প্রধান ফটকের সামনে আসে। এরপর তারা পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
তিনি জানান, ঘটনার সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা পাশের কোয়ার্টারে ঘুমিয়ে ছিলেন। বোমা নিক্ষেপের পর বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বেরিয়ে আসেন। পরে দ্রুত আগুন নেভানোর ব্যবস্থা করেন। এতে কেউ আহত হননি। ব্যাংকেরও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের প্রধান ফটকে গভীর রাতে এ ধরনের ঘটনার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি পেট্রোল বোমা নিক্ষেপের কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস।
তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দুটি ২৫০ মিলিলিটারের কোকাকোলার কাঁচের বোতল এবং একটি প্লাস্টিকের বোতল দেখতে পেয়েছেন। বোতলগুলোর সঙ্গে তেলভেজা কাপড় লাগিয়ে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে।
ওসি আরও জানান, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা অনুসন্ধান করছে পুলিশ।