• হোম > জাতীয় | সারাদেশ > শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্য বাংলাদেশ: মাহদী আমিন

শ্রমবান্ধব নীতির কারণে ডিএফসির অর্থায়নের যোগ্য বাংলাদেশ: মাহদী আমিন

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৫
  • ১৯

---

 ইবি রিপোর্ট 

শ্রমিকদের অধিকার ও সুরক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

১৭ নভেম্বর সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মাহদী আমিন জানান, যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে ডিএফসির অর্থায়নের যোগ্য হওয়ার বিষয়টি জানিয়েছে।

এই অর্থায়নের সুযোগ বাংলাদেশের বৃহৎ প্রকল্পে মার্কিন বিনিয়োগ আনার প্রক্রিয়া সহজ করবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়ার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।

মাহদী আমিনের আশা, যুক্তরাষ্ট্রের এই বিনিয়োগ সুবিধা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা আরও গতিশীল করা সম্ভব হবে। পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও বাড়বে।

ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনকে বর্তমান গণতান্ত্রিক সরকারের কার্যক্রমের ফল এবং আন্তর্জাতিক আস্থার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন তিনি। মাহদী আমিন বলেন, অতীতে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে বিভিন্ন শ্রমবিরোধী নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। সে কারণে যুক্তরাষ্ট্রের এ ধরনের অর্থায়ন বাংলাদেশে আসেনি বা দীর্ঘদিন বন্ধ ছিল।

বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকারের ওপর আন্তর্জাতিক মহলের আস্থা তৈরি হয়েছে। গত ৯ মাসে সরকারের নীতির ধারাবাহিকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থার কারণেই এই ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়ার পাশাপাশি তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মাহদী আমিন জানান, বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা বর্তমানে বাংলাদেশের ওপর আস্থা রাখছেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। এর ফলে দেশের অর্থনীতি সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জনের ফলে দেশে বিনিয়োগ প্রবৃদ্ধি বাড়বে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে বিশ্বমঞ্চে একটি রোল মডেলে পরিণত করার প্রত্যাশাও জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমবান্ধব নীতিমালা গ্রহণ এবং নতুন শ্রম আইন পাসের ফলে যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন সম্ভব হয়েছে। নতুন শ্রম আইনে শ্রমিকদের স্বার্থ ও সুরক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, সরকারের এসব পদক্ষেপে আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন সহযোগীরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, উৎসাহিত হয়েছে। এর ফলে বাংলাদেশের জন্য অর্থায়নের সুযোগ তৈরি হয়েছে।

বিনিয়োগ প্রক্রিয়া সম্পর্কে মাহদী আমিন জানান, ডিএফসির তহবিল থেকে অর্থায়নের জন্য প্রতিটি প্রকল্প ‘কেস টু কেস’ ভিত্তিতে বিবেচনা করা হবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ আনার নতুন সুযোগ তৈরি হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22829 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:40:17 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh