• হোম > জাতীয় | দেশজুড়ে | সারাদেশ > জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন বিধিমালা জারি

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৩৫
  • ১৬

---

ইবি রিপোর্ট

জমি ও অন্যান্য স্থাবর সম্পত্তির মূল্য নির্ধারণে দীর্ঘদিনের মৌজা মূল্যভিত্তিক পদ্ধতি থেকে সরে এসেছে সরকার। এখন থেকে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য বিবেচনায় নিয়ে দাম নির্ধারণ করা হবে। কর ফাঁকি ও অপ্রদর্শিত সম্পদের প্রবণতা কমানো এবং রাজস্ব আয় বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।

নতুন নিয়মে স্থানীয় প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নেতৃত্বে গঠিত কমিটি সম্পত্তির মূল্য নির্ধারণ করবে। কমিটির তৈরি মূল্যতালিকা তিন বছর পর্যন্ত কার্যকর থাকবে। আগের নিয়মে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি মূল্য নির্ধারণ করত। তখন প্রতি দুই বছর পর মূল্যতালিকা হালনাগাদ করা হতো।

গত বুধবার বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০’-এর সংশোধনী জারি করেছে সরকার।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী বলেন, আগের পদ্ধতিতে সম্পত্তির প্রকৃত বাজারমূল্য প্রতিফলিত হতো না। এর ফলে করের আওতার বাইরে অর্থ ও সম্পদ জমা করার সুযোগ তৈরি হয়েছিল।

তিনি বলেন, ‘মৌজা মূল্যের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হয়। সাধারণত এই মূল্য প্রকৃত বাজারদরের তুলনায় অনেক কম। ফলে দুই মূল্যের মধ্যে বড় ব্যবধান তৈরি হয়।’

এ ব্যবধানের কারণে কর ফাঁকি এবং অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছিল বলে জানান তিনি। নতুন ব্যবস্থায় রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার করতে চায় সরকার।

অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জমি ও স্ট্যাম্প কর থেকে ১১ হাজার ৭৫৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সংশোধিত বিধিমালায় ‘সর্বনিম্ন’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। ফলে কমিটিগুলোকে ন্যূনতম মূল্য নয়, সম্পত্তির প্রকৃত বাজারমূল্য নির্ধারণ করতে হবে।

নতুন ব্যবস্থায় তিন স্তরে কমিটি গঠন করা হবে। সিটি করপোরেশন এলাকার জমির মূল্য নির্ধারণ করবে বিভাগীয় কমিটি। এ কমিটির সভাপতি থাকবেন বিভাগীয় কমিশনার।

পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার জমির মূল্য নির্ধারণের দায়িত্ব পাবে জেলা কমিটি। জেলা প্রশাসক (ডিসি) এ কমিটির নেতৃত্ব দেবেন।

অন্যদিকে, এসব এলাকার বাইরে অন্যান্য স্থানের জমির মূল্য নির্ধারণ করবে উপজেলা কমিটি। এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

প্রতিটি কমিটিতে প্রশাসন, গণপূর্ত, স্থানীয় সরকার, ভূমি, কর এবং সংশ্লিষ্ট উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধিরা থাকবেন। জমির শ্রেণি, ব্যবহার, অবস্থান, সড়ক যোগাযোগ এবং অবকাঠামোগত সুবিধা বিবেচনায় নিয়ে মূল্য নির্ধারণ করা হবে।

এ ক্ষেত্রে সরকারি মূল্যায়নের পাশাপাশি নিবন্ধিত দলিলে সাম্প্রতিক জমি কেনাবেচার তথ্য ব্যবহার করা হবে। স্থানীয় অনুসন্ধান ও গণশুনানির মাধ্যমে পাওয়া বাজারদরও বিবেচনায় নেবে কমিটিগুলো।

কমিটিগুলোকে এমন মূল্যতালিকা তৈরি করতে হবে, যা পরবর্তী তিন বছর কার্যকর থাকবে। মেয়াদ শেষ হওয়ার আগেই বিদ্যমান মূল্য পর্যালোচনা করে নির্ধারিত প্রক্রিয়ায় নতুন তালিকা প্রস্তুত করতে হবে।

দলিলে উল্লেখ করা সম্পত্তির মূল্য এবং প্রকৃত বাজারমূল্যের মধ্যে পার্থক্য থাকলে কীভাবে মূল্য নির্ধারণ হবে, সংশোধনীতে সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে।

এমদাদুল হক চৌধুরী বলেন, প্রযুক্তিনির্ভর পূর্ণাঙ্গ মূল্যায়ন ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণের এ পদ্ধতি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা এখন বাজারভিত্তিক মূল্য নির্ধারণের দিকে এগোচ্ছি।’

জমির পরিমাপ ও মালিকানা-সংক্রান্ত তথ্য, জমির দাম এবং এলাকার উন্নয়নের মাত্রাসহ বিভিন্ন সূচক কাজে লাগিয়ে স্বয়ংক্রিয় অনলাইন ব্যবস্থা গড়ে তুলছে সরকার। এ কাজে দক্ষিণ কোরিয়ার সঙ্গে কাজ চলছে।

এমদাদুল বলেন, ‘এসব বিষয় বিবেচনায় নিয়ে একটি অনলাইন ব্যবস্থা তৈরি করা হবে। এটা অনেকটা সূত্রভিত্তিক হবে। নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হবে।’

ব্যবস্থাটি তৈরি করতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। এতে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে।

তিনি বলেন, ‘তবে প্রকৃত সমাধান এই অন্তর্বর্তী ব্যবস্থার মাধ্যমে আসবে না। নতুন মূল্যায়ন ব্যবস্থা তৈরি করতে আমাদের আরও এক থেকে দেড় বছর অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত নতুন ব্যবস্থাটিই বর্তমান পদ্ধতির জায়গা নেবে।’

তিনি আরও বলেন, ‘সবশেষে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিনির্ভর ব্যবস্থাটিই হবে প্রকৃত সমাধান।’

এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক স্নেহাশীষ বড়ুয়া অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তবে লেনদেনের খরচ না কমিয়ে বাজারদরে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে ক্রেতা ও আবাসন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের অর্থনীতিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ অবশ্যই স্বাগত জানানোর মতো। তবে সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে বাজারদর কার্যকর করতে হলে সতর্ক ও ভারসাম্যপূর্ণ পদ্ধতি অনুসরণ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে সম্পত্তি কেনাবেচার লেনদেন ব্যয় অনেক বেশি। নিবন্ধন ফি ৪ থেকে ৫ শতাংশে না নামিয়ে মৌজা মূল্য বাড়ানো হলে ক্রেতাদের আর্থিক চাপ আরও বাড়বে।’

স্নেহাশীষ বলেন, ‘অবিলম্বে প্রকৃত বাজারদরের সঙ্গে মূল্য সমন্বয় করা হলে আবাসন খাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। কারণ অনেক ক্রেতারই সম্পত্তি নিবন্ধনের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান নেই।’

এ কারণে ক্রেতাদের আর্থিক সামর্থ্য ও আবাসন খাতের স্থিতিশীলতা বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর মতে, আগামী পাঁচ থেকে ছয় বছরে ধাপে ধাপে বাজারদরের সঙ্গে সম্পত্তির মূল্য সমন্বয় করা উচিত।

তবে প্রচলিত ব্যবস্থায় কালো টাকা তৈরির সুযোগ কমাতেও নতুন উদ্যোগ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন স্নেহাশীষ।

স্থানীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, নিয়মিতভাবে বাজারদরের ভিত্তিতে সম্পত্তির মূল্য নির্ধারণ করা হলে কর আদায় বাড়তে পারে। একই সঙ্গে করব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠার সুযোগও তৈরি হবে।

তিনি বলেন, ‘বাজারভিত্তিক মূল্য নির্ধারণের ফলে করের বোঝা কমানোর যে দাবি রয়েছে, তা পূরণেরও সুযোগ তৈরি হতে পারে।’

তবে এ সংস্কার শুধু জমি কেনাবেচার করের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয় বলে মনে করেন তিনি। তাঁর মতে, আয়কর ও সম্পত্তি করসহ সামগ্রিক করব্যবস্থায় এ উদ্যোগ সম্প্রসারণ করা প্রয়োজন।

স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া ডিজিটাল করার পরামর্শ দেন তৌফিকুল। পাশাপাশি আয়কর, সম্পত্তি কর এবং অন্যান্য তথ্যভাণ্ডারের মধ্যে সমন্বয় গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ উদ্যোগকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশ্বব্যাংকের সঙ্গে চলমান আধুনিকায়ন কর্মসূচি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৃহত্তর সংস্কার আলোচনার অংশ করার আহ্বান জানান তৌফিকুল।

তাঁর মতে, রাজস্ব আদায় জোরদার এবং করের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করতে মধ্যমেয়াদি সংস্কারের দিকে নজর দিতে হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22828 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:32:09 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh