• হোম > জাতীয় | দেশজুড়ে | স্বাস্থ্য > খাবারের পর ১০০ কদম হাঁটলেই নিয়ন্ত্রণে থাকতে পারে ডায়াবেটিস

খাবারের পর ১০০ কদম হাঁটলেই নিয়ন্ত্রণে থাকতে পারে ডায়াবেটিস

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:২১
  • ২০

---

ইবি রিপোর্ট

খাবারের পর অল্প সময় হাঁটার অভ্যাস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। এ জন্য দীর্ঘ সময় ব্যায়ামের প্রয়োজন নেই। মাত্র ২ থেকে ৫ মিনিট হালকা হাঁটাহাঁটি কিংবা ১০০ কদম হাঁটার পরামর্শ দিয়েছেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ শ্রীরাম নেনে। আয়ুর্বেদের প্রাচীন এই অভ্যাস পরিচিত ‘শতপাবলি’ নামে। অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ও হৃদ্‌যন্ত্র এবং বক্ষদেশের অস্ত্রোপচার বিশেষজ্ঞ শ্রীরাম সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই অভ্যাসের উপকারিতা তুলে ধরেন।

তার মতে, রক্তে শর্করার মাত্রা মাপার আধুনিক যন্ত্র কিংবা স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন অ্যাপ চালু হওয়ার অনেক আগে থেকেই ভারতীয় পরিবারগুলোতে দুপুর ও রাতের খাবারের পর কিছুক্ষণ হাঁটার প্রচলন ছিল। পূর্বপুরুষদের অনুসরণ করা এই সহজ অভ্যাস স্বাস্থ্যকর জীবনযাপনে সহায়ক হতে পারে।

এর আগে একটি আলোচনা অনুষ্ঠানেও ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ নিয়ে কথা বলেন শ্রীরাম নেনে। তিনি জানান, মানুষের শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং শর্করাজাতীয় ও অস্বাস্থ্যকর খাবার বেশি খাওয়ার কারণে রক্তে শর্করার মাত্রা বাড়ছে।

এ সমস্যা নিয়ন্ত্রণে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি খাবারের তালিকায় পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

কেন খাবারের পর ১০০ কদম হাঁটবেন?

শ্রীরাম নেনের মতে, খাবার খাওয়ার পরপরই শুয়ে না পড়ে শরীরকে কিছুটা সচল রাখা দরকার। এ জন্য দীর্ঘ সময় ধরে ব্যায়াম করার প্রয়োজন নেই। প্রতিবার খাবারের পর মাত্র ২ থেকে ৫ মিনিট ধীরে হাঁটলেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।

‘শতপাবলি’ অর্থ ১০০ কদম হাঁটা। তবে এই অভ্যাসের মধ্যে কোনো জাদুকরী বিষয় নেই। এর মূল উদ্দেশ্য হলো, খাবারের পর শরীরকে সচল রাখা এবং নিয়মিত হাঁটার অভ্যাস তৈরি করা।

এ ধরনের হালকা হাঁটাহাঁটি হজমে সহায়তা করতে পারে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন শ্রীরাম।

ব্যস্ত জীবনযাপনে আলাদা করে শরীরচর্চার সময় বের করা অনেকের জন্য কঠিন। তবে খাবারের পর কয়েক মিনিট হাঁটার অভ্যাস সহজেই দৈনন্দিন রুটিনে যুক্ত করা যায়।

তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু হাঁটার ওপর নির্ভর করা উচিত নয়। এ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চলা, নিয়মিত ওষুধ গ্রহণ এবং সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাও জরুরি।

 


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22823 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 07:21:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh