• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০ কোম্পানি লোকসানে, কমেছে ৩৫টির মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫০ কোম্পানি লোকসানে, কমেছে ৩৫টির মুনাফা

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:১৪
  • ২৯

---

ইবি রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক পরিস্থিতিতে দুর্বলতার চিত্র উঠে এসেছে। চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ৫০টি কোম্পানি লোকসান করেছে। একই সময়ে আগের বছরের তুলনায় মুনাফা কমেছে আরও ৩৫টি কোম্পানির। এছাড়া নির্ধারিত সময়ে আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ৬৫টি প্রতিষ্ঠান।

গতকাল সোমবার পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তালিকাভুক্ত ২৩১টি কোম্পানির আর্থিক অবস্থা পর্যালোচনা করে এ চিত্র পাওয়া যায়। এতে দেখা গেছে, জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর প্রায় ৭০ শতাংশ কোনো না কোনো আর্থিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে।

এসব প্রতিষ্ঠান মূলত উৎপাদন ও সেবা খাতের সঙ্গে যুক্ত। অন্যদিকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির হিসাব বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। জুনে হিসাব বছর শেষ হওয়া কোম্পানিগুলোর উল্লেখযোগ্য অংশ এখনো আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি। এসব প্রতিষ্ঠানের বড় অংশ বন্ধ রয়েছে অথবা লোকসানের মুখে রয়েছে।

সামগ্রিক আর্থিক পরিস্থিতি

প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশকারী কোম্পানিগুলোর মধ্যে ১০৭টি মুনাফা করেছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭৫ কোটি টাকা। মুনাফা করা কোম্পানিগুলোর মধ্যে ৫৮টির আয় আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। বিপরীতে ৩৫টি কোম্পানির মুনাফা কমেছে।

এছাড়া আগের বছরের প্রথম প্রান্তিকে লোকসানে থাকা ১১টি কোম্পানি এবার মুনাফায় ফিরেছে। অন্যদিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রথম প্রান্তিকে ৫০টি কোম্পানি নিট লোকসান করেছে। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত লোকসানের পরিমাণ ৭৯২ কোটি টাকা।

লোকসানে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১৮টির লোকসান আগের বছরের তুলনায় বেড়েছে। অন্যদিকে ২১টি প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ কিছুটা কমেছে। গত বছরের একই সময়ে মুনাফায় থাকা ১০টি কোম্পানি এবার নতুন করে লোকসানে পড়েছে।

লোকসানে থাকা প্রতিষ্ঠান

প্রথম প্রান্তিকে সবচেয়ে বেশি লোকসান করেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বসুন্ধরা পেপার মিলস। আইসিবির একক লোকসান হয়েছে ১৮১ কোটি টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ৯ পয়সা।

বসুন্ধরা পেপার মিলসের নিট লোকসান হয়েছে ১৬১ কোটি ৮০ লাখ টাকা। এছাড়া খুলনা পাওয়ার কোম্পানি (কেপিসিএল) লোকসান করেছে ১১৬ কোটি টাকা। শেয়ারপ্রতি লোকসানের হিসাবে সবচেয়ে নিচে রয়েছে মেঘনা সিমেন্ট। প্রতিষ্ঠানটির ইপিএস ঋণাত্মক ২৯ টাকা ৪৬ পয়সা।

এ তালিকায় আরও রয়েছে জিল বাংলা সুগার ও শ্যামপুর সুগার। তাদের ইপিএস যথাক্রমে ঋণাত্মক ২৫ টাকা ৫৯ পয়সা এবং ১১ টাকা ৪ পয়সা। এ্যাপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৭৪ পয়সা।

গত বছরের একই সময়ে মুনাফায় থাকলেও এবার লোকসানে পড়েছে কয়েকটি প্রতিষ্ঠান। সেগুলোর মধ্যে রয়েছে এসিআই লিমিটেড, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, মীর আখতার হোসেন ও প্রিমিয়ার সিমেন্ট। এছাড়া এমএল ডাইং এবং আইসিবিও নতুন করে লোকসানে পড়েছে।

মুনাফায় এগিয়ে যেসব কোম্পানি

শেয়ারপ্রতি আয়ের হিসাবে প্রথম প্রান্তিকে শীর্ষে রয়েছে পদ্মা অয়েল। প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ১৭ টাকা ২৮ পয়সা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১৬৯ কোটি ৭৫ লাখ টাকা।

এরপর রয়েছে মেঘনা পেট্রোলিয়াম ও রেনাটা। প্রতিষ্ঠান দুটির ইপিএস যথাক্রমে ১৪ টাকা ৮৩ পয়সা এবং ৮ টাকা ৮৭ পয়সা। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ইপিএস হয়েছে ৮ টাকা ৭৭ পয়সা। ইবনে সিনার ৭ টাকা ৬৬ পয়সা এবং বিএসআরএম লিমিটেডের ৬ টাকা ৮০ পয়সা ইপিএস হয়েছে।

এছাড়া ওয়ালটন হাই-টেকের ইপিএস ৬ টাকা ৭৪ পয়সা। বাংলাদেশ শিপিং করপোরেশনের ৫ টাকা ৮৮ পয়সা, বেক্সিমকো ফার্মার ৫ টাকা ৭২ পয়সা এবং বিএসআরএম স্টিলের ৫ টাকা ৬০ পয়সা হয়েছে।

টাকার অঙ্কে সর্বোচ্চ নিট মুনাফা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকা। ইউনাইটেড পাওয়ার ২৭০ কোটি ৭২ লাখ টাকা মুনাফা করেছে। এছাড়া বেক্সিমকো ফার্মার মুনাফা ২৫৫ কোটি ১৮ লাখ টাকা এবং ওয়ালটন হাই-টেকের ২৪৭ কোটি ৫ লাখ টাকা।

অন্যদিকে লোকসান কাটিয়ে ১১টি কোম্পানি এবার মুনাফায় ফিরেছে। প্রতিষ্ঠানগুলো হলো তিতাস গ্যাস, বিডি ল্যাম্পস, আল-হাজ টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, ন্যাশনাল টিউবস, রহিমা ফুড, শাইনপুকুর সিরামিকস, সমতা লেদার, পেনিনসুলা, জিকিউ বলপেন এবং মিরাকল ইন্ডাস্ট্রিজ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22822 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:17:00 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh