• হোম > আন্তর্জাতিক | জাতীয় | ফুটবল > কোস্টারিকার বিপক্ষে ফিরছেন মার্তিনেজ, সুখবর দিলেন স্কালোনি

কোস্টারিকার বিপক্ষে ফিরছেন মার্তিনেজ, সুখবর দিলেন স্কালোনি

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:০৮
  • ৩৩

---

 ইবি স্পোর্টস ডেস্ক

উরুগুয়ের কাছে হারের পর জয়ে ফেরার অপেক্ষায় আর্জেন্টিনা। কোস্টারিকার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে দলটির জন্য স্বস্তির খবর দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। চোয়ালের চোট কাটিয়ে এই ম্যাচে গোলপোস্টের নিচে ফিরছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।মঙ্গলবারের ম্যাচে আর্জেন্টিনার গোলবার সামলাবেন ৩৪ বছর বয়সী এই গোলরক্ষক। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ স্কালোনি।

গত মাসে চেলসির বিপক্ষে ম্যাচে এভারটনের ডিফেন্ডার জ্যারাড ব্র্যান্থওয়েটের সঙ্গে সংঘর্ষে চোয়ালে আঘাত পান মার্তিনেজ। পরে অস্ত্রোপচার করাতে হয় তাকে। চলতি মাসের শুরুতে অনুশীলনে ফিরলেও ক্লাবের হয়ে আর মাঠে নামেননি তিনি।

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মার্তিনেজকে খেলাননি স্কালোনি। ওই ম্যাচে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। পুরোপুরি সুস্থ হওয়ার আগে গোলরক্ষককে মাঠে নামিয়ে ঝুঁকি নিতে চাননি কোচিং স্টাফ।

কোস্টারিকার বিপক্ষে ম্যাচের আগে স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টে থাকবে। সে খেলবে।’

উরুগুয়ের বিপক্ষে আগের ম্যাচেও মার্তিনেজ খেলার মতো অবস্থায় ছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে আর্জেন্টিনা কোচ বলেন, ‘হয়তো আগের ম্যাচেও সে খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেখানে ঝুঁকি ছিল। আমরা জেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রানের ওপর আস্থা রাখি। তাই ওকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাড়তি তিন দিন অপেক্ষা করাটা ছিল বিচক্ষণ সিদ্ধান্ত।’

কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন মার্তিনেজ। একই সঙ্গে এই ম্যাচের মাধ্যমে আসন্ন আন্তর্জাতিক সূচির প্রস্তুতিও এগিয়ে নিতে চায় আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা ও কোস্টারিকার মধ্যকার প্রীতি ম্যাচটি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22819 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 08:12:43 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh