• হোম > আন্তর্জাতিক | জাতীয় > গাজায় বাড়িঘর ধ্বংসে ড্রোনের নতুন কৌশল নিয়েছে ইসরাইল

গাজায় বাড়িঘর ধ্বংসে ড্রোনের নতুন কৌশল নিয়েছে ইসরাইল

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১৩:০২
  • ২৪

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস থামায়নি ইসরাইলি বাহিনী। এবার চার পাখার ড্রোন ব্যবহার করে বিস্ফোরকভর্তি বাক্স ফেলে ভবন উড়িয়ে দেওয়া হচ্ছে। দূরনিয়ন্ত্রণের মাধ্যমে এসব বিস্ফোরণ ঘটানো হচ্ছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, প্রায় এক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় নতুন এই পদ্ধতিতে অভিযান চালাচ্ছে ইসরাইলি সেনারা।

ড্রোনের সাহায্যে কয়েক কেজি বিস্ফোরকভর্তি বাক্স নির্দিষ্ট ভবনের ছাদে অথবা আশপাশে ফেলা হচ্ছে। পরে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে ভবনগুলো ধসিয়ে দেওয়া হচ্ছে। এতে লক্ষ্যবস্তু স্থাপনার পাশাপাশি আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন ও তুফফাহ, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাংশ এবং বুরেইজ শরণার্থীশিবিরে এসব হামলার ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘ইয়েলো লাইন’ বা হলুদ রেখার আশপাশের এলাকাগুলো লক্ষ্য করা হচ্ছে।

ফিলিস্তিনি অধিকারকর্মীদের ধারণ করা ভিডিওতেও ড্রোন থেকে বিস্ফোরকভর্তি বাক্স ফেলার দৃশ্য দেখা গেছে। পরে বিস্ফোরণে লক্ষ্যবস্তু ভবন ধসে পড়ছে। একই সঙ্গে আশপাশের বাড়িঘরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

আবারও ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

ইসরাইলের নতুন এই কৌশলে গাজার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ধ্বংসের আশঙ্কায় অনেক ফিলিস্তিনি আবারও নিজেদের আবাসস্থল ছাড়ছেন।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন এলাকার কয়েক ডজন বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। বাড়িঘর বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার আশঙ্কায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক দিনে হামলার মাত্রা বেড়েছে। সোমবার সকালে বুরেইজ ও নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে সালাহউদ্দিন সড়কের ওয়াদি গাজা সেতুর কাছে একাধিক বিস্ফোরণ ঘটে। ড্রোন থেকে ফেলা বিস্ফোরকভর্তি বাক্স ব্যবহার করে অন্তত সাতবার বিস্ফোরণ ঘটানো হয়।

আগেও একই কৌশলে ধ্বংসযজ্ঞ

গাজার বিভিন্ন এলাকায় এর আগেও একই পদ্ধতিতে স্থাপনা ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে দুটি খালি বাড়ি বিস্ফোরকভর্তি বাক্স দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পূর্বাঞ্চলে দারুস সালাম হাসপাতালের আশপাশে চার দফা বিস্ফোরণ ঘটানো হয়। গত ১৪ নভেম্বর জেইতুন এলাকার পূর্বাংশেও একই ধরনের হামলার ঘটনা ঘটে।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। যুদ্ধের সময় বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ভবনের ভেতরে ও আশপাশে বিস্ফোরক স্থাপন এবং ভারী সামরিক বুলডোজার ব্যবহার করে আবাসিক এলাকা ধ্বংস করা হয়েছে। যুদ্ধবিরতির সময়েও এসব তৎপরতা বন্ধ হয়নি।

বিশেষ করে ‘ইয়েলো লাইন’ নামে পরিচিত সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বাড়িঘর ভাঙা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে ফিলিস্তিনিদের অবশিষ্ট বসতবাড়িও হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি নিজেদের ঘরে ফিরে যাওয়ার প্রত্যাশাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) যুদ্ধবিরতির প্রথম মাস নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ পরিস্থিতির কথা জানিয়েছিল। সংস্থাটি জানায়, গাজার নির্দিষ্ট কিছু এলাকায় বেসামরিক মানুষের প্রবেশে বিধিনিষেধ রয়েছে। একই সঙ্গে প্রতিদিন বিস্ফোরক ব্যবহার করে আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে।

যুদ্ধবিরতি লঙ্ঘনে নিহত ১ হাজার ৬৪৭

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের বিভিন্ন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৯ জন।

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থনে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ছাড়িয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরাইলের এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। অঞ্চলটির পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭ হাজার ১৪০ কোটি ডলার।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22815 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:24:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh