• হোম > জাতীয় | সারাদেশ > রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫২
  • ২০

---

ইবি রিপোর্ট

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার সকালে বিচারিক আদালতের দেওয়া ফাঁসির আদেশ বহাল রাখার রায় ঘোষণা করেন আদালত।১৭ নভেম্বর বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কেএম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে সকাল ১০টা ৩৬ মিনিটে আপিল ও ডেথ রেফারেন্সের রায় পড়া শুরু হয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী রায় পাঠ করেন।

এর আগে গত সোমবার দুই আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। গত ১ জুন দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। পরদিনই মামলায় ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

এরপর ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে সোহেল রানা ও স্বপ্না আক্তার—দুজনকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। অন্যদিকে, দণ্ডের বিরুদ্ধে দুই আসামি জেল আপিল করেন। এসব আবেদন ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষে হাইকোর্ট মঙ্গলবার রায় ঘোষণা করেন।

রায়ে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22812 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 01:15:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh