![]()
ইবি রিপোর্ট
আন্তর্জাতিক বাজারে চালের দাম বাড়তে শুরু করেছে এশিয়ার প্রধান রফতানিকারক দেশগুলোতে। ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে গত সপ্তাহে চালের রফতানি মূল্য বেড়েছে। আফ্রিকার দেশগুলোর বাড়তি চাহিদা এবং সরবরাহ কমার আশঙ্কা এর পেছনে রয়েছে। পাশাপাশি ভারতীয় রুপির বিনিময় হার শক্তিশালী হওয়ায় রফতানি মূল্যেও প্রভাব পড়েছে। তবে থাইল্যান্ডের বাজারে এখনো চাহিদা তুলনামূলকভাবে দুর্বল রয়েছে। অন্যদিকে ফিলিপাইনের নতুন করে চাল কেনা শুরু করায় ভিয়েতনামের বাজারে লেনদেন বেড়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
ভারতে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের রফতানি মূল্য বেড়েছে। প্রতি টন চালের দাম দাঁড়িয়েছে ৩৮৫-৩৯০ ডলারে। আগের সপ্তাহে একই চালের দাম ছিল ৩৮২-৩৮৬ ডলার। অন্যদিকে ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৯০-৩৯৫ ডলার।
ভারতীয় মুদ্রা রুপির বিনিময় হার প্রায় সাত মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে মুদ্রাটির মূল্য বাড়ায় রফতানিকারকদের ব্যয় ও মুনাফার হিসাবেও পরিবর্তন এসেছে। কলকাতার একজন রফতানিকারক জানিয়েছেন, মুনাফা ধরে রাখতে ব্যবসায়ীরা চালের রফতানি মূল্য বাড়িয়েছেন।
থাইল্যান্ডেও ৫ শতাংশ খুদযুক্ত চালের রফতানি মূল্য বেড়েছে। গত সপ্তাহে প্রতি টনের দাম ছিল ৪৯৫-৫০০ ডলার। আগের সপ্তাহে একই চালের দাম ছিল ৪৯০-৪৯৫ ডলার। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। এসব কারণে দেশটিতে চালের দাম আরও বাড়তে পারে বলে তাঁদের ধারণা।
তবে মূল্যবৃদ্ধি সত্ত্বেও থাইল্যান্ডের চালের বাজারে চাহিদা এখনো দুর্বল। বর্তমানে নিয়মিত ক্রেতা ও ফিলিপাইন মূলত দেশটি থেকে চাল কিনছে। ভারতীয় চালের দাম আরও বাড়তে পারে, এমন প্রত্যাশায় ইন্দোনেশিয়ার ক্রেতাদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। থাইল্যান্ডের নতুন মৌসুমের চাল সরবরাহ পরিস্থিতি আগামী বছরের ফেব্রুয়ারিতে ফসল ওঠার পর জানা যাবে।
এদিকে ভিয়েতনামের বাজারেও চালের দাম কিছুটা বেড়েছে। দেশটির ৫ শতাংশ খুদযুক্ত চাল প্রতি টন ৪৯০-৪৯৫ ডলারে বিক্রি হয়েছে। ফিলিপাইন আবার চাল কেনা শুরু করায় ভিয়েতনামের বাজারে চাহিদা বেড়েছে। পাশাপাশি সরবরাহ কমে আসায় দাম বাড়ছে বলে জানিয়েছেন হো চি মিন সিটির একজন চাল ব্যবসায়ী।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের সর্বশেষ প্রতিবেদনের বরাত দিয়ে ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ২০২৬ ও ২০২৭ সালেও বিশ্বে দ্বিতীয় বৃহত্তম চাল রফতানিকারক দেশের অবস্থান ধরে রাখবে ভিয়েতনাম।
অন্যদিকে চলতি মৌসুমে বাংলাদেশ সরকার ধান ও চাল সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। দেশের কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার টন ধান ও চাল সংগ্রহ করা হবে। তবে উৎপাদন ব্যয় বাড়লেও সেদ্ধ ও আতপ চালের সংগ্রহ মূল্য কেজিতে ১ টাকা কমানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেদ্ধ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৪৯ টাকা। আতপ চালের ক্ষেত্রে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা। অন্যদিকে ধানের সংগ্রহ মূল্য সামান্য বাড়িয়ে কেজিপ্রতি ৩৫ টাকা করা হয়েছে।