• হোম > আন্তর্জাতিক | জাতীয় > ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা নিয়ে উদ্বেগ

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪
  • ১৬

---

 ইবি আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান—এমন তথ্য পেয়েছে মার্কিন গোয়েন্দারা। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার কথাও উঠে এসেছে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের সক্ষমতা ইরানের রয়েছে কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

সাতজন মার্কিন কর্মকর্তার বরাতে নতুন গোয়েন্দা তথ্যের বিষয়টি জানিয়েছে সিএনএন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু ও অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন কর্মকর্তারা। তবে গোয়েন্দা সূত্রগুলো একে আসন্ন হামলার নিশ্চিত সংকেত হিসেবে দেখছে না। বরং ইরান সম্ভাব্য বিকল্প হাতে রাখার চেষ্টা করছে বলে তাদের ধারণা।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যেকোনো এবং সব ধরনের সম্ভাব্য হুমকি পর্যবেক্ষণ করছে, তবে এই মুহূর্তে মাতৃভূমির প্রতি কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’

মার্কিন কর্মকর্তারা মনে করছেন, চলমান সামরিক হামলা ও অর্থনৈতিক অবরোধের চাপে ইরান সংঘাত বাড়ানোর পরিকল্পনা বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের অবরোধকে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা দেশটিকে ‘ধ্বংস করে দিচ্ছে’ বলে বর্ণনা করেছেন। সূত্রগুলোর দাবি, ইরান এখন মার্কিন ভূখণ্ডে সম্ভাব্য হামলার পরিকল্পনা করছে। তবে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি।

একটি সূত্র বলেছে, হামলা বাস্তবায়নের জন্য ইরানের পর্যাপ্ত লোকবল রয়েছে কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে, দুটি সূত্র জানিয়েছে, সম্ভাব্য হুমকি মোকাবিলায় মার্কিন কর্মকর্তারা গত সপ্তাহে একাধিক বৈঠক করেছেন। তাঁদের একজন এই প্রস্তুতিকে ‘বিচক্ষণ’ বলে বর্ণনা করেছেন।

ইরানের হুমকির কারণে গত সপ্তাহে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে সরিয়ে নিয়েছে সিক্রেট সার্ভিস। ২০২৪ সালে ডোনাল্ড ট্রাম্পকে ভাড়াটে খুনি দিয়ে হত্যার পরিকল্পনাসহ মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় থেকেই এসব তৎপরতার কথা সামনে এসেছে। এর আগে মূলত বিদেশ সফরে থাকা মার্কিন কর্মকর্তাদের হত্যার সুযোগ খোঁজার বিষয়টি গুরুত্ব পেয়েছিল।

মার্কিন কর্মকর্তাদের উদ্বেগের আরেকটি কারণ ডার্টি বোমা। প্রচলিত বিস্ফোরকের সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ যুক্ত করে এ ধরনের বোমা তৈরি করা হয়। পারমাণবিক বোমার মতো এতে পারমাণবিক ফিশন বিক্রিয়া ঘটে না। ফলে এর ধ্বংসক্ষমতাও পারমাণবিক অস্ত্রের তুলনায় অনেক কম।

বিশেষজ্ঞদের মতে, ডার্টি বোমা কয়েক ব্লক বা মাইলজুড়ে বিপজ্জনক তেজস্ক্রিয়তা ছড়িয়ে দিতে পারে। তবে এতে হতাহতের প্রধান কারণ থাকে বিস্ফোরণ। এ ধরনের বোমা তৈরির সবচেয়ে কঠিন বিষয় হলো তেজস্ক্রিয় পদার্থ সংগ্রহ করা।

একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের কথোপকথনে যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত থাকার দাবি পাওয়া গেছে। কর্মকর্তাদের ধারণা, পারমাণবিক উপাদান বা রাসায়নিক এজেন্ট আগেই সেখানে রাখা হয়ে থাকতে পারে। আরেকটি সূত্রের দাবি, এসব উপাদান কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে মজুত থাকতে পারে।

গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত এক সূত্র বলেছে, গত দশ বছরের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রের সীমান্ত অরক্ষিত থাকায় প্রয়োজনীয় কর্মীদের দেশে প্রবেশ করানো সহজ ছিল। তবে অন্য একটি সূত্র জানিয়েছে, ইরানের সক্ষমতা বাড়েনি; বরং তাদের উদ্দেশ্যে পরিবর্তন এসেছে।

এদিকে, প্রতিরক্ষা বিভাগ এ বিষয়ে জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছে। তবে সংশ্লিষ্ট কার্যালয় কোনো মন্তব্য করেনি। নিউইয়র্কে জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছেন। তাঁর ভাষ্য, ইরান ‘যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে এবং এ বিষয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অভিযোগগুলো স্পষ্টভাবে ও দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান ও খণ্ডন করে।’ তবে সম্ভাব্য ডার্টি বোমা হামলার গোয়েন্দা তথ্য নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি।

যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি চ্যালেঞ্জ হলো সম্ভাব্য ষড়যন্ত্র আগেভাগে শনাক্ত করা। বিদেশিদের যোগাযোগ সংগ্রহের ক্ষেত্রে ব্যবহৃত একটি নজরদারি আইনের মেয়াদ গত জুনে শেষ হয়েছে। হোয়াইট হাউস ও কংগ্রেসের অচলাবস্থার কারণে আইনটির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি। তবে জুনের আগে অনুমোদিত নজরদারি আদেশগুলো ২০২৭ সালের মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

গত সপ্তাহে অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ, জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন এবং সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ আইনটি পুনরায় অনুমোদনের আহ্বান জানিয়েছেন। দুই দলের নেতাদের কাছে পাঠানো চিঠিতে তাঁরা সতর্ক করেন, বিলম্ব হলে দেশের ভেতরে থাকা নাগরিক এবং বিদেশে মোতায়েন সেনাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

এ ছাড়া মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে ইরানের রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়েও উদ্বেগ রয়েছে। দুটি সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে। বিষয়টি প্রথম প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এমন হামলা মোকাবিলায় মার্কিন সেনাদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম ও প্রশিক্ষণ নেই। এ উদ্বেগে ওই অঞ্চলের কূটনৈতিক ও গোয়েন্দা কর্মীদের জন্য সুরক্ষা সরঞ্জাম এবং প্রশিক্ষণের জরুরি পরিকল্পনা নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যেই নতুন এই গোয়েন্দা তথ্য সামনে এসেছে। মার্কিন অবরোধ প্রত্যাহার ও শত্রুতা বন্ধের আলোচনা এখনো কোনো সমাধানে পৌঁছায়নি। আঞ্চলিক একটি সূত্রের মতে, আগামী কয়েক সপ্তাহ যেকোনো চুক্তির জন্য গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে ইরানের কট্টরপন্থী বা শাসকগোষ্ঠীর বিদ্রোহী অংশ সংঘাত অব্যাহত রাখতে হামলা চালিয়ে পরিস্থিতি জটিল করতে পারে।

এক মার্কিন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র বা মধ্যপ্রাচ্যে এ ধরনের অস্ত্র ব্যবহার করলে ইরান পাল্টা আঘাতের ঝুঁকি সম্পর্কে অবগত। তবে ইরানি নেতারা যদি মনে করেন, তাঁদের শাসনের অস্তিত্ব সংকটে রয়েছে, তাহলে তাঁরা সেই ঝুঁকি নেওয়াকে যৌক্তিক বিবেচনা করতে পারেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22805 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 12:47:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh