• হোম > জলবায়ু ও পরিবেশ | জাতীয় | সারাদেশ > ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেঘলা আকাশ, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে মেঘলা আকাশ, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৫
  • ২৪

---

ইবি রিপোর্ট  

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘আকভান’ নামের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশসহ ভারতের কয়েকটি রাজ্যে মেঘের বিস্তৃতি দেখা যাচ্ছে। দেশের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে।

ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাবে বাংলাদেশ ছাড়াও ভারতের অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গে মেঘের বলয় তৈরি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ আকাশে যে মেঘ দেখা যাচ্ছে, তা মূলত ঘূর্ণিঝড় আকভানের কারণে। বঙ্গোপসাগর তো বটেই, বাংলাদেশসহ ভারতের অন্ধ্র প্রদেশ, ওডিশা ও পশ্চিমবঙ্গের আকাশেও মেঘের এমন বলয় রয়েছে।’

ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়টি আগামী শুক্রবার ভারতের উপকূল অতিক্রম করতে পারে। এটি ওডিশা উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির অবস্থান সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল সোমবার মধ্যরাতে ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

একই সময়ে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড়টি। পায়রা সমুদ্রবন্দর থেকে এর দূরত্ব ছিল ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি একই এলাকায় কার্যত স্থির ছিল। পরবর্তী সময়ে এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। ২০ নভেম্বর সন্ধ্যা নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে এই গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি সাগর বর্তমানে খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক করা হয়েছে। বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মেঘের বলয়ে আটকে দূষণের উপাদান

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তৈরি মেঘের বলয় ঢাকার বায়ুদূষণ পরিস্থিতিতেও প্রভাব ফেলছে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘মেঘের এই বলয়ের কারণে দূষণ বেড়েছে। মেঘের বলয় যেখানে রয়েছে, সেখানেই দূষণের উপাদানও রয়েছে। বায়ুর দূষিত উপাদানগুলো মেঘের মধ্যে আটকে পড়েছে। এ কারণে চারপাশ ঘোলাটে দেখাচ্ছে।’

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট মেঘের বিস্তৃতি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই। প্রতিবেশী ভারতের কয়েকটি রাজ্যেও এর প্রভাব পড়েছে।

আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য লক্ষ্য ভারতের ওডিশা উপকূল। তবে এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আজ মঙ্গলবার দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামীকাল বুধবার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় কিছুটা বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22791 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 12:29:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh