• হোম > জাতীয় | বাংলাদেশ > শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত গাজীপুর, সাভার ও আশুলিয়া

শ্রমিক আন্দোলনে ফের উত্তপ্ত গাজীপুর, সাভার ও আশুলিয়া

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯
  • ৩৪

---

ইবি রিপোর্ট

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আবারও অস্থির হয়ে উঠেছে গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার সকালে বিভিন্ন এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। কয়েকটি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এতে একাধিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, তিনসড়কসহ বিভিন্ন এলাকায় সকালে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। বাসা থেকে কারখানার উদ্দেশে বের হলেও অনেক শ্রমিক কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতির কারণে ভোগড়া এলাকার পাঁচটি কারখানাসহ কয়েকটি প্রতিষ্ঠানে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে ভোগড়া এলাকার আরও পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটির পর শ্রমিকদের একটি অংশ মহাসড়কে নেমে আসে।

কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা দলবদ্ধভাবে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কটির উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সড়কের পাশের বিভিন্ন স্থান ও অলিগলির প্রবেশমুখে অবস্থান করতে দেখা যায়। এ সময় চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাসসহ কয়েকটি এলাকায় যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

সাভার-আশুলিয়ায় দুই দিন পর ফের উত্তেজনা

এদিকে টানা দুই দিন পরিস্থিতি শান্ত থাকার পর মঙ্গলবার সকালে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। হেমায়েতপুরের পদ্মার মোড়সহ কয়েকটি এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায়ও অবরোধ করেন পোশাক কারখানার শ্রমিকেরা।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ জানান, বেলা ১১টার দিকে শ্রমিকেরা ফুলবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক থেকে তাঁদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকালে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকেরা কারখানায় প্রবেশ না করে সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এরপর শ্রমিকেরা কয়েকটি দলে ভাগ হয়ে বিভিন্ন সড়ক ও অলিগলিতে অবস্থান নেন। ফলে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাঁদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যায়। উত্তেজনার মধ্যেই হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে প্রবেশ করলেও কর্মবিরতি পালন করেন।

অন্যদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুর বাগান এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

শিল্প পুলিশের একটি সূত্র জানায়, আগের দুই দিনের তুলনায় মঙ্গলবার শিল্পাঞ্চলে বন্ধ কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে তাৎক্ষণিকভাবে মোট সংখ্যা জানাতে পারেনি সূত্রটি। পুলিশের আরেকটি সূত্রের তথ্য অনুযায়ী, শ্রম আইন ১৩(১) ধারায় শিল্পাঞ্চলের আটটি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানে শ্রমিকদের কর্মবিরতি চললেও সেগুলোর সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22789 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 12:19:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh