![]()
ইবি বিনোদন রিপোর্ট
বিলিওনেরা’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। ২০২২ সালে প্রথমবার বাংলাদেশে সংগীত পরিবেশনের পর এবার দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন এই গায়িকা।
ওটিলিয়ার এবারের কনসার্টের নাম রাখা হয়েছে ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। অনুষ্ঠানটির আয়োজন করছে বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কনসার্টের তারিখ জানানো হয়েছে।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকার ১০০ ফিটের মদনী অ্যাভিনিউ এলাকার কোর্ট সাইড ভেন্যুতে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। কনসার্টের টিকিট আগামী দু-এক দিনের মধ্যেই অনলাইনে বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ বলেন, অনুষ্ঠান আয়োজনের অনুমতি পেতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন প্রক্রিয়া চলছে। শিগগিরই অনুমতি পাওয়া যাবে বলে আশা করছেন তাঁরা। অনুমতি পাওয়ার পরই অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।