• হোম > আন্তর্জাতিক | জাতীয় > মানুষ নিয়ে প্রথমবার সফলভাবে আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক বিমান

মানুষ নিয়ে প্রথমবার সফলভাবে আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক বিমান

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৩
  • ২২

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

যাত্রীবাহী উড়োজাহাজে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে বিদ্যুতের ব্যবহার এগিয়ে নিচ্ছে চীন। দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাণিজ্যিক বৈদ্যুতিক বিমান প্রথমবার পাইলটসহ সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। ১০ মেট্রিক টন শ্রেণির উড়োজাহাজটির নাম ‘সিই-২৫এ’। গত শনিবার শানডং প্রদেশের বিনঝৌ শহরে এই পরীক্ষা পরিচালিত হয়। স্বল্প দূরত্বের বাণিজ্যিক বিমান চলাচলে নতুন সম্ভাবনা তৈরি করছে প্রকল্পটি।

উড়োজাহাজটি নির্মাণ করেছে কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)। শনিবারের পরীক্ষায় দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। পুরো পরীক্ষামূলক কার্যক্রম চলে ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে উড়োজাহাজটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে অবস্থান করে। এ সময় সেটি মোট ৬০ দশমিক ৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।

কোম্যাক এক বিবৃতিতে পরীক্ষার ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, উড়োজাহাজটির সব ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। পরীক্ষার প্রতিটি ফলাফলও প্রত্যাশা অনুযায়ী পাওয়া গেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

‘সিই-২৫এ’ কোম্যাকের তৈরি প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক উড়োজাহাজ। এক শহর থেকে অন্য শহরে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহনের উপযোগী এটি। উড্ডয়নের সময় বিমানটির সর্বোচ্চ ওজন হতে পারে ১০ মেট্রিক টন। ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম উড়োজাহাজটি। এটি সর্বোচ্চ ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড়তে পারে। একটানা সর্বোচ্চ ৪০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার সক্ষমতা রয়েছে বিমানটির।

উড়োজাহাজটির ডানায় বিশেষ সমন্বিত বৈদ্যুতিক পাখা চালনা ব্যবস্থা বসানো হয়েছে। এই প্রযুক্তি বিমানটিকে আকাশে ওড়ার প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। প্রচলিত জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ ব্যবহার করেই এটি পরিচালিত হবে।

পাইলটসহ পরীক্ষার আগে উড়োজাহাজটি চালকবিহীন অবস্থায় একাধিকবার উড্ডয়ন করেছে। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এর স্বয়ংক্রিয় পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়। নির্মাণপর্বে চালক ছাড়াই মোট ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়েছে।

উড়োজাহাজটির উন্নয়নকাজে একাধিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান যুক্ত রয়েছে। কোম্যাকের সঙ্গে কাজ করছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল)। এ ছাড়া রয়েছে সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং দেশটির অন্যান্য অংশীদার।

এদিকে উড়োজাহাজটির বাণিজ্যিক পরিচালনার অনুমোদন পাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর সনদের আবেদন গ্রহণ করেছে। বর্তমানে প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য নির্ধারিত চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতা নীতিমালা অনুসরণ করে বিমানটি তৈরি হচ্ছে। বাণিজ্যিক সেবা চালুর আগে এই নীতিমালা অনুযায়ী অনুমোদন সম্পন্ন করতে হবে। ফলে পরীক্ষামূলক উড্ডয়নের পর এখন সনদ পাওয়ার প্রক্রিয়াই প্রকল্পটির পরবর্তী ধাপ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22781 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 12:37:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh