![]()
ইবি রিপোর্ট
বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। এ জন্য বাংলাদেশকে কয়েক বছর ধরে আইনি লড়াই চালাতে হবে। কোনো কোনো ক্ষেত্রে সম্পদ উদ্ধারে পাঁচ থেকে দশ বছর লাগতে পারে। দেওয়ানি আইনি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে সময় লাগতে পারে তিন থেকে পাঁচ বছর। পাচার হওয়া অর্থের অবস্থান, মালিকানা এবং স্থানান্তরের পথ শনাক্ত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দেশের আদালতে সম্পদের অবৈধ মালিকানা প্রমাণ করতে হবে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি তুলে ধরতে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনটি। সেখানে স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী বক্তব্য দেন। তিনি জানান, অর্থ উদ্ধারে আইনি কৌশলে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম যুক্ত করা হবে।
টাস্কফোর্সের প্রথম ধাপে ছয়টি ঘটনা বাছাই করে কাজ শুরু হয়েছিল। এর মধ্যে তিনটি ঘটনার কার্যক্রম অনেকটা এগিয়ে গেছে। দ্বিতীয় ধাপে নতুন করে প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে।
ফরহানুল গণি চৌধুরী জানান, দেওয়ানি প্রক্রিয়ায় প্রথমে বড় ঋণখেলাপির ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত দুটি ঘটনার নথি বিদেশে আইনি পদক্ষেপের উপযোগী। ব্যাংকের দেওয়া ঋণ, জামানত এবং ব্যক্তিগত গ্যারান্টির কাগজপত্র মানসম্মত বলে জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।
দ্বিতীয় পর্যায়ে ঘটনা নির্বাচনের ক্ষেত্রে কয়েকটি শর্ত বিবেচনা করা হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, তা দেখা হচ্ছে। অর্থ বিদেশে সরানোর বিষয়ে ব্যাংকের কাছে তথ্য রয়েছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বিদেশে চলে গেছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে। এ পর্যায়ে ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হবে। এরপর ঋণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র বিদেশি প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হবে। সেসব নথি যাচাই করে আইনি পদক্ষেপের সম্ভাবনা পর্যালোচনা করা হবে। একই সঙ্গে মামলার অর্থায়ন পাওয়া সম্ভব কি না, তা-ও যাচাই করবে প্রতিষ্ঠানগুলো।
বিদেশে সম্পদের সন্ধান এবং সেগুলো জব্দ করতে বড় অঙ্কের ব্যয় হতে পারে। আদালতে আইনি লড়াই চালাতেও কয়েক মিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে। এ ব্যয় নির্বাহে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে শুরুতে ব্যাংকগুলোকে কোনো অর্থ ব্যয় করতে হবে না। সম্পদ উদ্ধার হলে অর্থায়নকারীরা উদ্ধার করা অর্থের একটি অংশ পাবেন।
শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এমন চুক্তির অগ্রগতি নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে ফরহানুল গণি চৌধুরী বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি নথিপত্র তৈরির কাজ চলছে।
সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে ফরহানুল গণি চৌধুরী জানান, এর মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকার সম্পদ দেশের অভ্যন্তরে জব্দ হয়েছে। বিদেশে থাকা বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের আদালত। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে এসব নির্দেশ এখনো কার্যকর হয়নি।
বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ হয়েছে। তবে এসব সম্পদের মোট পরিমাণ প্রকাশ করেননি ফরহানুল গণি চৌধুরী। জব্দাদেশ কার্যকর রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে অতিরিক্ত তথ্য চেয়েছে।
উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যের সম্পদের বিষয়টি তুলে ধরেন তিনি। সেখানে তাঁর প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের তথ্য ব্রিটিশ কর্তৃপক্ষ প্রকাশ করেছে। এসব সম্পদ নিয়ে বর্তমানে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে, বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ায় সাময়িকভাবে জব্দ অর্থ অন্য দেশে সরানো হয়েছিল কি না, জানতে চান এক সাংবাদিক। জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর সংশ্লিষ্ট দেশ থেকে ওই অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। অর্থটির অবস্থান শনাক্ত করতে এখনো অনুসন্ধান চলছে। তবে অর্থের পরিমাণ কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর নাম প্রকাশ করেননি তিনি।
ফরহানুল গণি চৌধুরী বলেন, বিভিন্ন দেশের আইনি সহায়তা চাওয়ার নিয়ম ও চাহিদা আলাদা। তাই প্রতিটি দেশের জন্য আলাদাভাবে অনুরোধপত্র প্রস্তুত করতে হয়। কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠাতে দেশের অভ্যন্তরে যে সময় প্রয়োজন হয়, সেটি কমানোর উপায়ও খোঁজা হচ্ছে।
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়েও প্রশ্ন ওঠে। জবাবে ফরহানুল গণি চৌধুরী বলেন, অর্থ পাচারের বিষয়টি স্পর্শকাতর। তদন্তের প্রতিটি তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই সতর্ক হয়ে যেতে পারেন। এতে তারা নতুন কৌশল গ্রহণের সুযোগ পাবেন। ফলে অর্থ উদ্ধারের চলমান প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই প্রয়োজনীয় তথ্য গোপন রেখে টাস্কফোর্সের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে