![]()
ইবি রিপোর্ট
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন অর্থায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ। এর ফলে দেশের জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির সরাসরি অর্থায়ন এবং বিনিয়োগ ঝুঁকি কমানোর বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএফসি।
বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় তাদের বিনিয়োগ কার্যক্রমের প্রধান ক্ষেত্র জ্বালানি, অবকাঠামো ও প্রযুক্তি খাত। এসব খাতের বিভিন্ন প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, মিত্রদেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখছে তারা।
ডিএফসির তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি দেশের উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ সৃষ্টি করবে বলে মনে করছে সংস্থাটি। বিশেষ করে যেসব প্রকল্প বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় হলেও অর্থায়নের অভাব কিংবা বিনিয়োগ ঝুঁকির কারণে বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, সেগুলোতে অর্থায়ন পাওয়া সহজ হতে পারে।
সংস্থাটির ভাষ্য অনুযায়ী, সরাসরি অর্থায়নের পাশাপাশি ঝুঁকি প্রশমন সুবিধা সম্প্রসারণের ফলে দেশের বিনিয়োগ ঘাটতি মোকাবিলায় সহায়তা মিলবে। এর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নাগরিক সেবার পরিধি বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের সঙ্গে আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে আমরা বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মুক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারব।’
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যকার পারস্পরিক বাণিজ্য চুক্তি (অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড) আমাদের প্রকাশ্য অঙ্গীকারের প্রতিফলন। ডিএফসির অর্থায়ন সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা উভয় দেশের সমৃদ্ধি বাড়াবে।’
বিজ্ঞপ্তিতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার কথাও তুলে ধরেছে ডিএফসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, বিশ্বের অর্ধেকের বেশি মানুষের বসবাস এই অঞ্চলে। একই সঙ্গে বিশ্বের দ্রুত বর্ধনশীল বেশ কয়েকটি অর্থনীতির অবস্থানও এখানে। এ কারণে মার্কিন কৌশলগত বিনিয়োগের ক্ষেত্রে অঞ্চলটি বিশেষ সম্ভাবনাময়।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম সম্প্রসারণ, বেসরকারি বিনিয়োগ সংগ্রহ, মুক্তবাজারভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।
উল্লেখ্য, ডিএফসি যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগবিষয়ক প্রধান সংস্থা এবং দেশটির অর্থনৈতিক কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। বেসরকারি পুঁজি সংগ্রহ করে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা সংস্থাটির অন্যতম কাজ। পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়া, মার্কিন করদাতাদের জন্য শক্তিশালী মুনাফা নিশ্চিত করা এবং প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় মিত্র ও অংশীদার দেশগুলোর সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) সুরক্ষিত রাখতেও কাজ করে ডিএফসি।