• হোম > জাতীয় > যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পেতে যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়ন পেতে যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২২:৪৮
  • ২৬

---

ইবি রিপোর্ট 

বাংলাদেশের বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্ত। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি, প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ বিভিন্ন খাতে বেসরকারি বিনিয়োগে অর্থায়ন এবং ঝুঁকি কমানোর সুযোগ বাড়তে পারে।

সোমবার (১৬ নভেম্বর) এ ঘোষণা দিয়েছে ডিএফসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায়ও সহায়তা করে।

ডিএফসির মতে, বাংলাদেশের এ নতুন যোগ্যতা দেশের বড় অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি করেছে। অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে বিনিয়োগের ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ হবে।

এসব বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে শক্তিশালী করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ত্বরান্বিত হতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, বাণিজ্যিকভাবে লাভজনক এবং উন্নয়নমুখী অনেক প্রকল্প অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের আগ্রহ পায় না। এ ধরনের বাধা দূর করে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন ও সহায়তা ভূমিকা রাখতে পারে।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’

ডিএফসি জানিয়েছে, বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থানও এ অঞ্চলে। ফলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য অঞ্চলটি বড় সুযোগ তৈরি করেছে।

মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সংস্থাটি। একই সঙ্গে এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতেও কাজ করছে ডিএফসি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22765 ,   Print Date & Time: Wednesday, 18 November 2026, 01:15:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh