• হোম > অর্থনীতি | জাতীয় | বাংলাদেশ > খেলাপি ঋণে ডুবছে ১৫ ব্যাংক

খেলাপি ঋণে ডুবছে ১৫ ব্যাংক

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩২
  • ৩৯

---

ইবি রিপোর্ট

 

দেশের ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৮৫ শতাংশের বেশি কেন্দ্রীভূত রয়েছে ১৫টি ব্যাংকে। এসব ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সম্প্রতি একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকও রয়েছে। খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও বেড়েছে। ফলে আর্থিক দুর্বলতা কাটিয়ে ব্যাংক খাতকে স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জুন শেষে দেশের ৬১টি তফসিলি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হার বেড়ে ৩২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ৩২ দশমিক ২৬ শতাংশ। মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ বৃদ্ধির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।

একীভূত হওয়া পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক বাদ দিলে বাকি ১০টি ব্যাংকেই রয়েছে ব্যাংক খাতের মোট শ্রেণীকৃত ঋণের ৫৭ শতাংশের বেশি। অর্থাৎ খেলাপি ঋণের বড় অংশ কয়েকটি ব্যাংকে কেন্দ্রীভূত। এতে পুরো ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতার ওপর চাপ তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, সম্পদের মানের অবনতি, মূলধনের ঘাটতি এবং মুনাফা কমে যাওয়ার মতো সমস্যা ব্যাংক খাতকে চাপে রেখেছে। অতিরিক্ত তারল্যের কারণে কিছুটা স্বস্তি থাকলেও ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হয়নি। আমানতকারীদের আস্থায় কিছুটা অগ্রগতি দেখা গেলেও ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

খেলাপি ঋণের পাশাপাশি মূলধন পরিস্থিতিরও অবনতি হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিক শেষে ব্যাংক খাতের মূলধন ঘাটতি বেড়ে ৩ দশমিক ৮০ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ৩ দশমিক ১৭ শতাংশ। ফলে মূলধন পর্যাপ্ততার হার বাসেল-৩ নীতিমালায় নির্ধারিত ন্যূনতম ১০ শতাংশের নিচে রয়েছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মূলধন পর্যাপ্ততার হার কমে শূন্য দশমিক ৮২ শতাংশে দাঁড়িয়েছে। আগের প্রান্তিকে যা ছিল ১ দশমিক ০৮ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে এ হার ৯ দশমিক ১১ শতাংশ থেকে কমে ৮ দশমিক ১৮ শতাংশ হয়েছে। একীভূত হওয়া পাঁচটি ব্যাংক বাদে অন্যান্য শরিয়াহভিত্তিক ব্যাংকের হারও কমে ৭ দশমিক ৩০ শতাংশে নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণের ৪৭ শতাংশের বেশি ছিল পুরোপুরি শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর। এর প্রধান কারণ একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের বিপুল খেলাপি ঋণ।

খেলাপি ঋণ আদায় ও ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে ঋণগ্রহীতাদের জন্য এক্সিট সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট-২০২৬ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন-২০০৩ সংশোধনের প্রস্তাব রয়েছে।

এদিকে উৎপাদন খাতের পুনরুদ্ধারের ফলে ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৬ শতাংশ হয়েছে। আগের প্রান্তিকে এ হার ছিল ২ দশমিক ২ শতাংশ। তবে জ্বালানি সরবরাহসংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আমদানি ব্যয় বৃদ্ধির কারণে আগামী প্রান্তিকগুলোতে প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বিশ্ববাজারে পোশাকের চাহিদা কমলে রপ্তানি এবং মধ্যপ্রাচ্যে ফ্লাইট চলাচল ব্যাহত হলে বিদেশে কর্মসংস্থান ও প্রবাসী আয় চাপে পড়তে পারে। এসব ঝুঁকি মোকাবিলায় রপ্তানি বাজার ও পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের নতুন গন্তব্য খোঁজার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22740 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 12:21:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh