• হোম > খেলা | জাতীয় > বাংলাদেশকে নিয়ে মন্তব্য, ৫০০ ডলার জরিমানা শ্রীলঙ্কার কোচের

বাংলাদেশকে নিয়ে মন্তব্য, ৫০০ ডলার জরিমানা শ্রীলঙ্কার কোচের

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৮
  • ২২

---

ইবি স্পোর্টস রিপোর্ট 

সাফে বাংলাদেশকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং রেফারিং নিয়ে অভিযোগ তুলে শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি। টুর্নামেন্টের আচরণবিধি ভঙ্গ করায় তাঁকে ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে তাঁকে সতর্কও করা হয়েছে। অনলাইনে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

শ্রীলঙ্কার কুয়েতি কোচ আব্দুল্লাহ আল মুতাইরি ভুটানের বিপক্ষে ড্রয়ের পর সাফে স্বাগতিক দেশগুলো সবসময় বাড়তি সুবিধা পায় বলে অভিযোগ করেছিলেন। এ ছাড়া সাফ বাণিজ্যিক স্বার্থে ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য ছিল, এমনটি হলে অন্য দেশগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রয়োজন নেই। এসব মন্তব্যের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠায় সাফ।

এরপর বাংলাদেশের বিপক্ষে চার গোলের ব্যবধানে হারে শ্রীলঙ্কা। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে খেলার চেয়ে সাফের পাঠানো চিঠি নিয়েই বেশি কথা বলেন মুতাইরি। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাফের আরব অঞ্চলের কোচদের প্রতি বিদ্বেষ পোষণের অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আর সাফে অংশ না নেওয়ার কথাও জানান শ্রীলঙ্কার এই কোচ।

গত ১১ নভেম্বর রাতে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় শ্রীলঙ্কা। এরপর দলটি বাংলাদেশও ত্যাগ করে। তবে টুর্নামেন্টের কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগে মুতাইরির বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক সিদ্ধান্ত বহাল রয়েছে। জরিমানার ৫০০ মার্কিন ডলার এক মাসের মধ্যে সাফের কাছে জমা দিতে হবে তাঁকে।

নির্ধারিত সময়ের মধ্যে কোচ জরিমানার অর্থ পরিশোধ না করলে এর দায় বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর। ফেডারেশনও অর্থ পরিশোধে ব্যর্থ হলে সাফ টুর্নামেন্টের ব্যয়ের সঙ্গে জরিমানার অর্থ সমন্বয় করবে।

ফিফা ও এএফসি তাদের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করলেও মুতাইরির শাস্তির বিষয়ে সাফ এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22735 ,   Print Date & Time: Tuesday, 17 November 2026, 12:20:57 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh