• হোম > জাতীয় | বাংলাদেশ > বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউনেস্কো

বাংলাদেশের শিক্ষা খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী ইউনেস্কো

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:৫৬
  • ২৩

---

ইবি রিপোর্ট

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর এবং শিক্ষক প্রশিক্ষণ আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো। আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা থেকে শুরু করে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি—বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকতে চায় সংস্থাটি।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ। এ সময় তিনি বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতার আগ্রহের কথা জানান।

বৈঠকে সুসান ভাইজ দেশের শিক্ষা খাতের সক্ষমতা বাড়ানো, সময়োপযোগী শিক্ষানীতি প্রণয়ন এবং শিক্ষকতা পেশার পেশাদারিত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। তিনি সব মাধ্যমের শিক্ষকদের জন্য একটি সমন্বিত নীতিমালা তৈরির প্রস্তাব দেন। পাশাপাশি শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার আগে প্রশিক্ষণ এবং কর্মজীবনে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়টিও আলোচনায় তুলে ধরেন ইউনেস্কোর প্রতিনিধি। এ ছাড়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, যথাযথ মূল্যায়ন পদ্ধতি, স্বাস্থ্য শিক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন তিনি। ভালো ফলাফল অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ বাজেট বরাদ্দের বিষয়েও মতামত তুলে ধরেন সুসান ভাইজ।

অন্যদিকে, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করতে সরকারের নেওয়া কর্মপরিকল্পনা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি জানান, শিক্ষার মান বাড়াতে ডিজিটাল কনটেন্ট এবং শিক্ষা প্রযুক্তি বা এডটেক খাতে বেসরকারি প্রতিষ্ঠানের অংশীদারিত্ব সম্প্রসারণে কাজ করছে সরকার।

শিক্ষকদের দক্ষতা এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও জানান তিনি। এর মধ্যে রয়েছে ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ কর্মসূচি। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ও আধুনিক শ্রেণিকক্ষ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে।

মাহ্দী আমিন আশা প্রকাশ করেন, এসব উদ্যোগের মাধ্যমে উন্নত মানের শিক্ষা উপকরণ ও ডিজিটাল কনটেন্ট দেশের প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলের শিক্ষার্থীদের কাছেও সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারের সুযোগ পাবে।

এ ছাড়া পাঠদানের গুণগত মান বজায় রাখতে শিক্ষকদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

বৈঠকে ইউনেস্কোর ঢাকা কার্যালয়ের হেড অব এডুকেশন নরিহিদে ফুরাওকাও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে উভয় পক্ষ একমত হয়।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22698 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:13:54 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh