• হোম > জাতীয় | দেশজুড়ে > নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা–কর্মী আটক

নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা–কর্মী আটক

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:০৬
  • ২৫

---

ইবি রিপার্ট 

রাজধানীর তিন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। খিলগাঁও, ধানমন্ডি ও রূপনগরে গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)  গণমাধ্যমকে জানিয়েছে, খিলগাঁওয়ে তিনজন, ধানমন্ডিতে তিনজন এবং রূপনগরে চারজনকে আটক করা হয়েছে।

খিলগাঁওয়ে আটক ৩

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। খিলগাঁও থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)।

ডিএমপি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অন্যদিকে সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক।

পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধানমন্ডিতে আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম  গণমাধ্যমকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের এই তিন নেতা ধানমন্ডি এলাকায় আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

রূপনগরে আটক ৪

রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22674 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:24:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh