• হোম > জাতীয় | বাংলাদেশ | শিক্ষা > শিক্ষার মান বাড়াতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষার মান বাড়াতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনছে সরকার: শিক্ষামন্ত্রী

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৬:০০
  • ৪১

---

ইবি রিপোর্ট

মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে জ্ঞান ও দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনার পরিকল্পনা করছে সরকার। শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তাঁর মতে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন জরুরি।

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

আ ন ম এহসানুল হক মিলন বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এর অংশ হিসেবে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষার গুণগত মান বাড়ানোর পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যতের উপযোগী করে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

কারিগরি শিক্ষার প্রসারের বিষয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, দেশের ৫০৩টি উপজেলায় টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার বিষয়েও ঘোষণা দেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২৪ ডিসেম্বর বিদ্যালয়গুলোতে ফলাফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, তোমরাই আগামীর বাংলাদেশ। তাই নিজেদের ভবিষ্যতের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। শুধু প্রচলিত পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন নয়, নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর দিকেও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, মুখস্থনির্ভর পদ্ধতির পরিবর্তে জ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার ঘটাতে চায় সরকার। শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, সে লক্ষ্যেই শিক্ষার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22672 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 02:29:56 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh