![]()
ইবি বিনোদন ডেস্ক
দর্শকদের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের জন্য। চলতি বছরেই পঞ্চম সিজন মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৭ সালে দর্শকদের সামনে আসতে পারে সিরিজটির নতুন কিস্তি। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
ভারতের জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘পঞ্চায়েত’। ছয় বছর আগে প্রথম সিজন মুক্তির পর দর্শকদের আগ্রহ ধরে রেখে একে একে চারটি মৌসুম প্রকাশ করা হয়েছে। গ্রামীণ রাজনীতি ও ফুলেরা গ্রামের নানা ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি ভারত ছাড়াও বাংলাদেশে বেশ জনপ্রিয়। গল্পের পাশাপাশি এর বিভিন্ন চরিত্রও দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। প্রতিটি মৌসুম শেষ হওয়ার পর থেকেই পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা শুরু হয়।
গত বছরের জুনে মুক্তি পেয়েছিল সিরিজটির চতুর্থ সিজন ‘পঞ্চায়েত ৪’। এরপরই পঞ্চম মৌসুম নির্মাণের ঘোষণা দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর নতুন পর্বগুলো প্রকাশের কথা ছিল। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে বলে জানিয়েছে অ্যামাজন প্রাইম ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্ল্যাটফর্মটি নতুন মৌসুমের মুক্তি পিছিয়ে যাওয়ার বিষয়টি জানায়। পোস্টে সিরিজের পরিচিত চরিত্র ভুষণ, যিনি বানরাকস নামে পরিচিত, তাঁর নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ট্যাগ করা হয়েছে।
ওই অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘প্রধানপতির (পঞ্চায়েত প্রধান) ইচ্ছায়, নতুন মৌসুমে নিষেধাজ্ঞা।’ পাশাপাশি সিরিজটির গ্রামীণ পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে দেয়ালে লেখা একটি ঘোষণার ছবিও প্রকাশ করেছে প্রাইম ভিডিও।
পোস্টটি প্রকাশের পর দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে মুক্তির সময় পেছানোর খবরটি রসিকতার ভঙ্গিতে প্রকাশ করায় অনেকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তবে নতুন মৌসুমের জন্য অপেক্ষার অবসান কবে হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, চতুর্থ মৌসুমে অসমাপ্ত থাকা গল্পের বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে নতুন পর্বগুলোতে। ভুষণ ওরফে বানরাকসের চরিত্রে অভিনয় করা দুর্গেশ কুমারও এবার গল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন।
পঞ্চম মৌসুমেও অভিষেক ত্রিপাঠির চরিত্রে ফিরছেন জিতেন্দ্র কুমার। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে পঞ্চায়েত সচিব হিসেবে ফুলেরা গ্রামে আসা অভিষেকের জীবন ও অভিজ্ঞতাকে কেন্দ্র করেই এগিয়েছে সিরিজটির মূল গল্প।
চন্দন কুমারের লেখা ‘পঞ্চায়েত’ পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। সিরিজটির প্রযোজনায় রয়েছে দ্য ভাইরাল ফিভার ।