• হোম > আন্তর্জাতিক | বিদেশ > ইউক্রেন সফরে আহত সেনাদের উদ্দেশে যে বার্তা দিলেন হ্যারি

ইউক্রেন সফরে আহত সেনাদের উদ্দেশে যে বার্তা দিলেন হ্যারি

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:০৭
  • ২২

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক 

নিরাপত্তার কারণে আগে থেকে সফরের বিষয়টি প্রকাশ করা হয়নি। তবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আকস্মিক সফরে গিয়ে আহত সেনাসদস্য ও তাঁদের চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞদের সঙ্গে দেখা করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। সেখানে ইউক্রেনের মানুষের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন।’ পাশাপাশি দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটিতে এটি প্রিন্স হ্যারির চতুর্থ সফর। সপ্তাহান্তে শনিবার ও রোববার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লিভিভে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় আহত সেনাসদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্ব ইউক্রেনের পাশে থাকবে।’

লিভিভে আহত সেনাসদস্যদের পুনর্বাসনে কাজ করা বিশেষায়িত ক্লিনিক ‘সুপারহিউম্যানস’ একটি সম্মেলনের আয়োজন করে। চিকিৎসাকর্মীদের নিয়ে আয়োজিত ওই অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য দেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।

সম্মেলনে উপস্থিত চিকিৎসাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারাই এই যুদ্ধে জয়ী হতে চলেছেন। এরপর সফল হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবেন।’

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা প্রিন্স হ্যারি ইনভিকটাস গেমসের প্রতিষ্ঠাতা। আগামী বছর যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় ইউক্রেনের হয়ে অংশ নিতে আগ্রহী অ্যাথলেটদের সঙ্গেও তিনি সাক্ষাৎ করেন।

ইনভিকটাস গেমস মূলত যুদ্ধাহত ও অসুস্থ সামরিক সদস্য এবং সাবেক সেনাসদস্যদের জন্য আয়োজিত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা। ২০১৪ সালে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এই প্রতিযোগিতা চালু করেন। এতে বিভিন্ন দেশের সামরিক সদস্যরা হুইলচেয়ার রাগবি, সাঁতার, অ্যাথলেটিকসসহ নানা খেলায় অংশ নেন। ‘ইনভিকটাস’ একটি লাতিন শব্দ, যার অর্থ ‘অপরাজিত’।

আগামী বছর বার্মিংহামে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ইউক্রেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় দল পাঠানোর পরিকল্পনা করছে। দেশটির ৬০ জন প্রতিযোগী এতে অংশ নিতে পারেন।

প্রিন্স হ্যারি বলেন, ভবিষ্যতে ইউক্রেনেও ইনভিকটাস গেমস আয়োজন করা সম্ভব। এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘যুদ্ধ শেষ হলে এবং ইউক্রেন জয়ী হলে, আমরা আপনাদের ইনভিকটাস গেমস আয়োজনের ক্ষেত্রে সহায়তা দিতে প্রস্তুত থাকব।’

লিভিভে দুই দিনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় ৪২ বছর বয়সী প্রিন্স হ্যারির পরনে ছিল গাঢ় রঙের হুডযুক্ত পাফার জ্যাকেট ও বাদামি বুট।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22627 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 03:20:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh