• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > নতুন সাবসিডিয়ারি গঠন ও শেয়ার কেনার সিদ্ধান্ত এসিআইয়ের

নতুন সাবসিডিয়ারি গঠন ও শেয়ার কেনার সিদ্ধান্ত এসিআইয়ের

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:১৭
  • ৪৪

---

ইবি রিপোর্ট

নতুন ব্যবসায়িক উদ্যোগ সম্প্রসারণের পাশাপাশি জয়েন্ট ভেঞ্চার কোম্পানিতে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। এ লক্ষ্যে ‘এসিআই আপন সার্ভিসেস লিমিটেড’ নামে নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কেনার সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ নভেম্বর অনুষ্ঠিত এসিআইয়ের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, নতুন সাবসিডিয়ারি এসিআই আপন সার্ভিসেস লিমিটেডের অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা। কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা। এতে এসিআইয়ের মালিকানা থাকবে ৮৫ শতাংশ। তবে নতুন প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন নিতে হবে।

এদিকে, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের শেয়ার কেনার বিষয়েও সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। কোম্পানিটির ২ লাখ ৩৬ হাজার ৯৬৯টি শেয়ার কিনবে এসিআই। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা হলেও ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ টাকা ৭৪ পয়সা। সব মিলিয়ে এসব শেয়ার কিনতে ব্যয় হবে ৯৪ লাখ ১৭ হাজার ১৪৮ টাকা। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেয়ার কেনার প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ সিদ্ধান্ত কার্যকর করতেও বিএসইসির অনুমোদন নেবে কোম্পানিটি।

কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে এসিআই। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে এ লোকসানের পরিমাণ ছিল ৭ টাকা ৪০ পয়সা। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮২ টাকা ৬৭ পয়সা।

এর আগে ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের মোট ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। এর মধ্যে ২০ শতাংশ ছিল নগদ এবং ১৫ শতাংশ স্টক লভ্যাংশ। ওই হিসাব বছরে এসিআইয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ১৮ টাকা ২৫ পয়সা। আগের হিসাব বছরে এ লোকসানের পরিমাণ ছিল ৬ টাকা ৪৮ পয়সা।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এসিআই। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৭ কোটি ৮৩ লাখ ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ৫৯১ কোটি ৬৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৭৮ লাখ ৩১ হাজার ৮৪৩টি।

শেয়ার ধারণের হিসাবে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে কোম্পানিটির ৪৭ দশমিক ২৭ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৩৪ দশমিক ৩০ শতাংশ। বাকি ১৮ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22614 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:47:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh