• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > বিসিকের ঋণ পাচ্ছেন ৫১১ নতুন ও পুরোনো উদ্যোক্তা

বিসিকের ঋণ পাচ্ছেন ৫১১ নতুন ও পুরোনো উদ্যোক্তা

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:০৮
  • ৩৬

---

ইবি রিপোর্ট

দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়ন বাড়াতে ঋণ বিতরণ করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। এ কর্মসূচির আওতায় সারা দেশের ৫১১ জন উদ্যোক্তাকে দেওয়া হবে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ তৈরিও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

সোমবার (১৬ নভেম্বর) বিসিক ভবনে এ ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পসচিব আব্দুন নাসের খান।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা—চারটি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে ঋণ বিতরণ করা হবে। এ অর্থায়নের ফলে নতুন ও বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানে ২ হাজার ৪৪৮ জনের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে বলে জানিয়েছেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। তিনি বাসসকে এ তথ্য জানান।

বিসিক সূত্রে জানা গেছে, মোট ঋণের মধ্যে ২৩৫ জন বিদ্যমান উদ্যোক্তা পাবেন ৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা। অন্যদিকে, ২৭৬ জন নতুন উদ্যোক্তার জন্য বরাদ্দ রয়েছে ৬ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ নতুন উদ্যোক্তাদের পাশাপাশি আগে থেকেই ব্যবসা পরিচালনাকারীরাও এ সুবিধার আওতায় আসছেন।

ঋণগ্রহীতাদের মধ্যে রয়েছেন ২৩২ জন নারী এবং ২৭৯ জন পুরুষ উদ্যোক্তা। নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬ কোটি ৪০ লাখ ৩০ হাজার টাকা। পুরুষ উদ্যোক্তারা পাবেন ৭ কোটি ৬৩ লাখ টাকা।

আঞ্চলিক কার্যালয় অনুযায়ী ঋণ বিতরণের পরিমাণও নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ১৮১ জন উদ্যোক্তাকে দেওয়া হবে ৪ কোটি ৭৯ লাখ টাকা। চট্টগ্রামে ৮৯ জনের জন্য বরাদ্দ ২ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা। রাজশাহীতে ১১৮ জন পাবেন ৩ কোটি ৩৫ লাখ টাকা। খুলনা অঞ্চলের ১২৩ জন উদ্যোক্তার জন্য রাখা হয়েছে ৩ কোটি ৭৩ লাখ টাকা।

মোট ১৪টি শিল্প খাতে এ ঋণ সুবিধা দেওয়া হবে। খাতগুলোর মধ্যে রয়েছে খাদ্য ও খাদ্যজাত পণ্য, বস্ত্র ও বস্ত্রজাত পণ্য, হালকা প্রকৌশল, কৃষি ও কৃষিজাত পণ্য। এ ছাড়া বন ও বনজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক, ইলেকট্রনিকস এবং সেবাখাতও রয়েছে। এসব খাতের মধ্যে খাদ্য ও খাদ্যজাত শিল্পের ২২০ জন উদ্যোক্তা ঋণ পাবেন। বস্ত্র ও বস্ত্রজাত শিল্পের ১২২ জনও এ সুবিধার আওতায় আসবেন।

বর্তমানে বিসিক তিনটি ঋণ কর্মসূচি পরিচালনা করছে। এগুলো হলো নিজস্ব তহবিলের ঋণ কর্মসূচি, ১০০ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ এবং আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন ঋণ কর্মসূচি।

আগামী পাঁচ বছরে এসব কর্মসূচির আওতায় ৩৫০ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। একই সময়ে প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে বিসিক।

এর বাইরে শিল্পনগরীর ভেতরে ও বাইরের উদ্যোক্তাদের জন্য পাঁচ হাজার কোটি টাকার ঋণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করার উদ্যোগও বিবেচনায় রয়েছে। পাশাপাশি হালকা প্রকৌশল শিল্পের বিকাশে বিশেষ ঋণ তহবিল গঠনের পরিকল্পনা করছে সংস্থাটি।

বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ আশা করছেন, এ উদ্যোগে নতুন উদ্যোক্তা তৈরি এবং শিল্পের উৎপাদন সক্ষমতা বাড়বে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারিত হবে। তাঁর মতে, এর মাধ্যমে দেশের সিএমএসএমই খাত আরও গতিশীল হবে। টেকসই শিল্পায়ন ও জাতীয় অর্থনৈতিক উন্নয়নেও কর্মসূচিটি অবদান রাখবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22608 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:21:40 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh