• হোম > রাজনীতি > গুম-খুনের রাজনীতি করে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: রিজভী

গুম-খুনের রাজনীতি করে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই: রিজভী

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:০৫
  • ৩৮

---

ইবি রিপোর্ট

গুম, খুন ও নির্যাতনের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের ক্ষমতায় ফিরতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যে চেষ্টা চলছে, তা জনগণ প্রতিহত করবে।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে অংশ নেন রুহুল কবির রিজভী।

আওয়ামী লীগের বিগত ১৭ বছরের শাসনামলের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, পলাতক ফ্যাসিস্টরা দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষের ওপর জুলুম-অত্যাচার চালিয়েছে। এখন পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা করছে তারা। ক্ষমতায় ফিরে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে নিজেদের জন্য সুখের স্বর্গ গড়ে তোলার পরিকল্পনা তাদের রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, তাদের সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হবে না। দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। আওয়ামী লীগকে আবার ক্ষমতায় প্রতিষ্ঠিত করার চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটির নেতৃত্বের বিষয়ে কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, নবগঠিত কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছর ধরে এসব নেতা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। আন্দোলনে অংশ নিতে গিয়ে তাঁরা নিজেদের জীবন বাজি রেখেছেন। তাঁদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং দীর্ঘ সময় কারাগারেও থাকতে হয়েছে। তবে এত প্রতিকূলতার মধ্যেও তাঁরা নিজেদের আদর্শ ও নীতি থেকে সরে যাননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথাও তুলে ধরেন রিজভী। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত হবে এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে।

শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22606 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:11:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh