• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের তিন মেলা শুরু ১৯ নভেম্বর

ফার্নিচার ও ইন্টেরিয়র খাতের তিন মেলা শুরু ১৯ নভেম্বর

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৬
  • ৪৯

---

ইবি রিপোর্ট

দেশের ইন্টেরিয়র, ফার্নিচার উৎপাদন এবং সাইনেজ প্রযুক্তি খাতের বিকাশে ঢাকায় আয়োজন করা হচ্ছে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে চলবে এসব আয়োজন। প্রদর্শনীগুলো হলো ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’ এবং ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’।

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান আয়োজকেরা।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে বাংলাদেশসহ নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। প্রায় ২০০টি স্টলে ৭০টির বেশি দেশি-বিদেশি ব্র্যান্ডের পণ্য ও প্রযুক্তি তুলে ধরা হবে। এসব স্টলে আধুনিক যন্ত্রপাতি, উৎপাদন সরঞ্জাম এবং বিভিন্ন সেবার প্রদর্শনী থাকবে।

আয়োজকেরা জানান, প্রদর্শনীগুলোতে উৎপাদক, সরবরাহকারী, আমদানিকারক ও উদ্যোক্তারা অংশ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, প্রকৌশলী, শিল্পসংশ্লিষ্ট পেশাজীবী এবং সাধারণ দর্শনার্থীরাও আসতে পারবেন। একই জায়গায় কিচেন সলিউশন, গৃহসজ্জার সামগ্রী, লাইটিং, ফার্নিচার, দরজা ও ফার্নিচার ফিটিংস দেখা যাবে। এ ছাড়া পর্দা, হোম অটোমেশন এবং ইন্টেরিয়র ডিজাইনের সফটওয়্যারও প্রদর্শিত হবে।

তিন আয়োজনের প্রথমটি ‘মাই কিচেন প্রেজেন্টস ৩য় ইনটেক এক্সপো ২০২৬’। এতে আধুনিক কিচেন সলিউশন, ইন্টেরিয়র ডিজাইন, ফার্নিচার, কার্টেন, হোম অটোমেশন ও লাইফস্টাইল পণ্য প্রাধান্য পাবে। প্রদর্শনীটির প্রধান পৃষ্ঠপোষক মাই কিচেন। প্রতিষ্ঠানটি মডুলার কিচেন ক্যাবিনেট, ওয়ারড্রোব, প্রিমিয়াম কাউন্টারটপ ও সিন্টারড স্টোন প্রদর্শন করবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের কিচেন ফিটিংস, অ্যাপ্লায়েন্স এবং স্টোরেজ সলিউশনও তুলে ধরবে প্রতিষ্ঠানটি।

মাই কিচেনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত ইমরান খান বলেন, বাংলাদেশের কিচেন ক্যাবিনেট ও বিল্ট-ইন ফার্নিচার শিল্পে বড় সম্ভাবনা রয়েছে। আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল এবং দক্ষ জনবল কাজে লাগিয়ে এ খাত এগিয়ে নেওয়া সম্ভব। নিজস্ব উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমেও শিল্পটির উন্নয়ন ঘটানো যেতে পারে। মানসম্মত পণ্য উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের কিচেন ক্যাবিনেট শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার লক্ষ্য রয়েছে মাই কিচেনের। তাঁর মতে, নতুন প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরতে প্রদর্শনীটি কার্যকর প্ল্যাটফর্ম হবে।

অন্যদিকে, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬’-এ ফার্নিচার তৈরির বিভিন্ন সরঞ্জাম ও প্রযুক্তি প্রদর্শিত হবে। এতে পাওয়ার টুলস, ফার্নিচার মেশিনারিজ এবং কাঠ ও ধাতুপ্রযুক্তির পণ্য থাকবে। উড টেক সলিউশন (ডব্লিউটিএস) ও মেটাল টেক সলিউশন (এমটিএস) আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে। ফার্নিচার, দরজা, ইন্টেরিয়র এবং কিচেন ক্যাবিনেট প্রস্তুতকারীরা আধুনিক উৎপাদনপ্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পাবেন।

উড টেক সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নঈমুল হোসেন খান বলেন, ‘৩য় ফার্নিটেক এক্সপো ২০২৬ উডওয়ার্কিং ও ফার্নিচার খাতের জন্য একটি চমক হতে যাচ্ছে।’ আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারও উদ্যোক্তা ও ফার্নিচার প্রস্তুতকারীদের সমাগম ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, পেশাজীবী, শিক্ষার্থী এবং অভিজ্ঞরাও এতে যুক্ত হবেন।

ফার্নিচার খাতে সিএনসি প্রযুক্তি ও ডিজাইনচর্চায় উৎসাহ দিতে আয়োজন করা হয়েছে একটি প্রতিযোগিতা। নঈমুল হোসেন খান জানান, প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের কাজের স্বীকৃতি দেওয়া হবে। এতে তিনটি বিভাগে বিজয়ীদের জন্য যথাক্রমে এক লাখ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। ২১ নভেম্বর প্রদর্শনীর শেষ দিনে মেলা প্রাঙ্গণে গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এদিকে, ‘২য় সাইনেজ টেকনোলজি এক্সপো ২০২৬’-এ সাইনেজ খাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পণ্য প্রদর্শন করা হবে। এতে চীন ও বাংলাদেশের কয়েকটি পরিচিত প্রতিষ্ঠান অংশ নেবে।

এফ টাচ ইভেন্টস লিমিটেডের পরিচালক শেখ ফিরোজ আহমেদ বলেন, প্রদর্শনীতে ইন্টেরিয়র প্রযুক্তি, উড মেশিনারিজ ও মেটাল মেশিনারিজের পাশাপাশি বিভিন্ন সফটওয়্যারও থাকবে। এসব প্রযুক্তি দেশের আধুনিক ইন্টেরিয়র ডিজাইন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে তাঁরা আশা করছেন।

আয়োজকেরা আরও জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দর্শনার্থী ও গ্রাহকদের জন্য বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার দেবে।

আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় প্রদর্শনীগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক স্থপতি অধ্যাপক ড. এম মাসুদ উর রশিদ এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম এম জসিম উদ্দিনের।

প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনীগুলো খোলা থাকবে। আয়োজকেরা জানিয়েছেন, এসব প্রদর্শনীতে প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন হবে না।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22601 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 10:52:58 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh