• হোম > আন্তর্জাতিক | বিদেশ | বিশ্ব সংবাদ > নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না আইজেনকোট

নেতানিয়াহুকে আর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না আইজেনকোট

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫০
  • ৩৮

---

ইবি আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সাম্প্রতিক নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে নেতানিয়াহুকে আর এক মিনিটের জন্যও সরকারপ্রধানের দায়িত্বে দেখতে চান না বলে মন্তব্য করেছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’

এর কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহু ও আইজেনকোটের প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে বৈঠক করেন। ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট।

ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ রোববার এক প্রতিবেদনে জানায়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশ কমিশনারের দপ্তরে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট (রাআম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

প্রতিবেদনটিতে বলা হয়, নেতানিয়াহুর কার্যালয়ের সাবেক এক কর্মীকে গোয়েন্দা তথ্যের উৎস হিসেবে পুলিশের কাছে উপস্থাপন করেন নর্ডেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই রাআমের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের ঘুষ দেওয়ার অভিযোগে তাঁদের আটক করা হয়।

নির্বাচনের দিন নেতানিয়াহু আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালিয়েছিলেন। দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পাওয়ার পর তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ মেলেনি। পরবর্তী সময়ে পুলিশের তদন্তে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্য ভিত্তিহীন প্রমাণিত হলে গ্রেপ্তার তিনজনকে মুক্তি দেওয়া হয়।

চ্যানেল ১২-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নির্বাচনের দিন ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচ সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে অ্যাটর্নি জেনারেলের দপ্তর তাঁর আবেদন প্রত্যাখ্যান করে।

আইজেনকোট এ ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতের কাছ থেকে বিস্তারিত ব্যাখ্যা চেয়েছেন তিনি।

সাবেক সেনাপ্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর দল লিকুদ পার্টি একে ‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর উসকানি’ বলে আখ্যা দিয়েছে।

এর আগে গত শুক্রবার আইজেনকোট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে নির্বাচনের সময় নেতানিয়াহু ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22595 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:01:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh