• হোম > অর্থনীতি | জাতীয় | দেশজুড়ে > ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১.৮২ বিলিয়ন ইউরো

ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে ১.৮২ বিলিয়ন ইউরো

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪৬
  • ৪৭

---

ইবি রিপোর্ট

ইউরোপের পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। চলতি বছরের প্রথম নয় মাসে রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। বিপরীতে প্রধান প্রতিযোগী কয়েকটি দেশ বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সামগ্রিক পোশাক আমদানি সংকোচনের চেয়েও বাংলাদেশের রপ্তানি আয় কমেছে বেশি। এতে ইউরোপের বাজারে বাংলাদেশের অংশীদারত্বও দুই শতাংশের বেশি কমেছে। রপ্তানিকারক ও অর্থনীতিবিদরা বলছেন, উৎপাদন সক্ষমতা, জ্বালানি ও অর্থায়নের সীমাবদ্ধতা পরিস্থিতিকে জটিল করছে।

বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে। আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় ১১ দশমিক ৯১ শতাংশ হ্রাস পেয়েছে। ফলে মোট রপ্তানিমূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৪৮ বিলিয়ন ইউরোতে। একই সময়ে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছে মাত্র ২ দশমিক ৪৬ শতাংশ। বাজারটির মোট আমদানিমূল্য দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ বিলিয়ন ইউরো।

এই নয় মাসে বাংলাদেশের রপ্তানি আয় কমেছে প্রায় ১ দশমিক ৮২ বিলিয়ন ইউরো। অথচ ইইউর মোট পোশাক আমদানি বাজার সংকুচিত হয়েছে ১ দশমিক ৭৮ বিলিয়ন ইউরো। ফলে সামগ্রিক বাজারের সংকোচনের চেয়েও বাংলাদেশের ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। ইইউর পোশাক আমদানিতে বাংলাদেশের বাজার হিস্যা ২১ দশমিক ১০ শতাংশ থেকে নেমেছে ১৯ দশমিক ০৬ শতাংশে।

বছরের প্রথম চার মাসে বাংলাদেশের রপ্তানি পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ ছিল। জানুয়ারি-এপ্রিল সময়ে রপ্তানি কমেছিল ২০ দশমিক ৮৯ শতাংশ। মে-আগস্ট সময়ে পতনের হার কমে ১ দশমিক ২৫ শতাংশে নেমে আসে। তবে সেপ্টেম্বর মাসে আবার রপ্তানি কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ। ওই মাসে ইইউর সামগ্রিক পোশাক আমদানি কমেছিল ২ দশমিক ৭২ শতাংশ। সেপ্টেম্বরের বাজার সংকোচনের প্রায় ৬৯ শতাংশের জন্য দায়ী ছিল বাংলাদেশের রপ্তানি হ্রাস।

রপ্তানি আয়ের পতনে পণ্যের পরিমাণ ও মূল্য উভয়ই প্রভাব ফেলেছে। আলোচ্য সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ কমেছে ৫ দশমিক ৭৪ শতাংশ। একই সঙ্গে প্রতি কেজি পোশাকের গড় একক মূল্য কমেছে ৬ দশমিক ৫৪ শতাংশ। এতে গড় মূল্য দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭০ ইউরোতে। বিপরীতে ইইউর গড় আমদানি মূল্য ছিল ১৯ দশমিক ৫৯ ইউরো। অর্থাৎ বাংলাদেশের পোশাকের গড় মূল্য প্রায় ৩০ শতাংশ কম।

ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার বাংলাদেশের পণ্য বৈচিত্র্যের সীমাবদ্ধতার কথা তুলে ধরেছেন। তাঁর মতে, তুলাভিত্তিক পোশাকের ওপর অতিরিক্ত নির্ভরতা প্রতিযোগিতায় পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে। বিশেষ করে কৃত্রিম তন্তু বা ম্যান-মেড ফাইবারের (এমএমএফ) পোশাক উৎপাদনে দেশটির সক্ষমতা সীমিত।

তিনি উল্লেখ করেন, চীন ও ভিয়েতনাম কৃত্রিম তন্তুর পোশাক উৎপাদনে বড় অবকাঠামো গড়ে তুলেছে। চীন থেকে সহজে কাপড় সংগ্রহ এবং সমন্বিত সরবরাহ ব্যবস্থার সুবিধাও পাচ্ছে দেশ দুটি। অন্যদিকে বাংলাদেশে এই খাতে বিনিয়োগ কম। ফলে ইউরোপীয় ক্রেতাদের চাহিদা অনুযায়ী বৈচিত্র্যময় পণ্য সরবরাহ কঠিন হচ্ছে।

এম এ জব্বার আরও বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর কাছে পরিবেশগত স্থিতিস্থাপকতা ও জ্বালানি নিরাপত্তার গুরুত্ব বাড়ছে। ক্রেতাদের আস্থা ধরে রাখতে বাংলাদেশকে নেট-জিরো উৎপাদনে বিশ্বাসযোগ্য অগ্রগতি দেখাতে হবে। পাশাপাশি সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও প্রয়োজন।

ইউরোস্ট্যাটের তথ্যে দেখা গেছে, ইইউর বৃহত্তম পোশাক সরবরাহকারী চীন বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ২৪ দশমিক ২৫ বিলিয়ন ইউরো হয়েছে। একই সময়ে রপ্তানির পরিমাণ বেড়েছে ৬ দশমিক ৩৮ শতাংশ। ফলে ইইউর বাজারে চীনের অংশীদারত্ব ৩২ দশমিক ০২ শতাংশ থেকে বেড়ে ৩৪ দশমিক ২৯ শতাংশে পৌঁছেছে।

ভিয়েতনামের রপ্তানি আয়ও বেড়েছে। রপ্তানির পরিমাণ ৩ দশমিক ৫৫ শতাংশ কমলেও পণ্যের গড় একক মূল্য বেড়েছে ৮ দশমিক ১৮ শতাংশ। এতে দেশটির রপ্তানি আয় ৪ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৪৭ বিলিয়ন ইউরো হয়েছে। তবে ভারত, পাকিস্তান, তুরস্ক, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি কমেছে ৮ দশমিক ৮ শতাংশ থেকে ১০ দশমিক ৭ শতাংশ পর্যন্ত।

স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম মনে করেন, ইইউর সামগ্রিক বাজার সংকোচনের তুলনায় বাংলাদেশের রপ্তানি পতন বেশি হওয়া প্রতিযোগিতা সক্ষমতার দুর্বলতা তুলে ধরছে।

তিনি বলেন, ক্রেতারা এখন পোশাক সংগ্রহের দেশ নির্বাচনে নতুন বিষয় বিবেচনা করছেন। বিশেষ করে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রভাব এবং ইউরোপের কঠোর ‘ডিউ-ডিলিজেন্স’ যাচাইয়ের শর্ত গুরুত্ব পাচ্ছে।

শোভন ইসলামের মতে, ইইউর সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) আলোচনা দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপের তথ্য অনুসরণ এবং ডিউ-ডিলিজেন্সের শর্ত পূরণে রপ্তানিকারকদের প্রস্তুত করতে হবে। ব্যাংক ঋণের উচ্চ সুদ, মূলধনের সীমিত প্রাপ্যতা এবং ব্যয়বহুল জ্বালানিও উৎপাদন ব্যয় বাড়াচ্ছে। এর সঙ্গে গ্যাস ও ডিজেলের অনিয়মিত সরবরাহ উৎপাদনকারীদের প্রতিযোগিতা সক্ষমতা কমিয়ে দিচ্ছে।

গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগীরা বাণিজ্য চুক্তির মাধ্যমে নিজেদের অবস্থান এগিয়ে নিচ্ছে। মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্তি তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

তিনি বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতে পণ্য ও বাজার বহুমুখীকরণ জরুরি। এজন্য শক্তিশালী বাণিজ্য চুক্তি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি আরও প্রতিযোগিতামূলক বিনিময় হার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

সামগ্রিক পরিসংখ্যান বলছে, ইউরোপের বাজারে চাহিদা কমাই বাংলাদেশের রপ্তানি পতনের একমাত্র কারণ নয়। প্রতিযোগী দেশগুলো একই বাজারে নিজেদের অংশীদারত্ব বাড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশ হারাচ্ছে বাজার হিস্যা ও রপ্তানি আয়। উৎপাদন বৈচিত্র্য, জ্বালানি সরবরাহ, অর্থায়ন এবং বাণিজ্য সুবিধার সীমাবদ্ধতা কাটানো এখন পোশাক খাতের বড় চ্যালেঞ্জ।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22592 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:21:50 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh