• হোম > দেশজুড়ে | রাজনীতি > বিরোধিতা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে আসছেন আমির হামজা

বিরোধিতা উপেক্ষা করে নারায়ণগঞ্জের মাহফিলে আসছেন আমির হামজা

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৩৪
  • ৩৬

---

ইবি রিপোর্ট

বিরোধিতা ও আপত্তি উপেক্ষা করেই নারায়ণগঞ্জের বন্দরে তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিতে আসছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন রাজনৈতিক দলের একাংশ তাঁর আগমন নিয়ে আপত্তি তুললেও মাহফিল আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছেন আয়োজকেরা। প্রশাসনের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে মাহফিলে আমির হামজার বক্তব্য দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) বন্দরের ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষণখোলা এলাকার পৌর মাঠে ‘তারতীলুল কোরআন আহমাদীয়া মাদ্রাসা’র উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আমির হামজা।

আয়োজক কমিটির সদস্য ও বন্দর উত্তর থানা জামায়াতের আমীর মাওলানা আতিকুর রহমান জানান, মাহফিল আয়োজনের অনুমতি চেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত আবেদন করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কথা বলেছেন। সব মিলিয়ে মাহফিল আয়োজন নিয়ে কোনো সমস্যা হবে না বলে তাঁরা আশাবাদী।

আমির হামজার আগমন নিয়ে আপত্তির বিষয়ে আতিকুর রহমান বলেন, তাঁর বিরুদ্ধে বিতর্কিত হওয়ার অভিযোগ ছাড়া সুনির্দিষ্ট কোনো অপরাধের তথ্য-প্রমাণ নেই। সংবাদপত্রে কোনো প্রতিবেদন প্রকাশিত হলেই সেটিকে অপরাধের প্রমাণ হিসেবে বিবেচনা করা যায় না। দেশের বিভিন্ন স্থানে আমির হামজা নিয়মিত মাহফিলে বক্তব্য দিচ্ছেন।

তিনি আরও জানান, প্রশাসনের পক্ষ থেকে মাহফিল আয়োজনের বিষয়ে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। তবে আমির হামজাকে নিয়ে আপত্তির কথাও জানানো হয়েছে। এরপরও তাঁকে প্রধান অতিথি রেখেই অনুষ্ঠান আয়োজন করতে চান তাঁরা।

অন্যদিকে, বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানিয়েছেন, মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া হলেও সেখানে মুফতি আমির হামজাকে বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এ ধরনের অনুষ্ঠানের বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করতে হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রতিবেদন চাওয়া হলে সংশ্লিষ্ট থানাকে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেওয়া হয়। পরে থানার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “ওয়াজ মাহফিলের বিষয়ে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু একটি বিষয়ে আপত্তি উঠেছে, তাই আমরা পরামর্শ দিয়েছি উনি (আমির হামজা) না আসেন। আমরা সরাসরি নিষেধ করছি না, মূলত পরিস্থিতি বিবেচনায় নিরুৎসাহিত করছি।”

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) বন্দরের লক্ষণখোলা মাহমুদীয়া মাদ্রাসায় স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ বৈঠক করেন। এতে নারায়ণগঞ্জ জেলা ওলামা পরিষদ, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বিএনপির নেতারা অংশ নেন। বৈঠক থেকে যেকোনো মূল্যে আমির হামজার আগমন প্রতিহত করার ঘোষণা দেওয়া হয়।

তবে এসব বিরোধিতার মধ্যেও মাহফিলের প্রস্তুতি অব্যাহত রেখেছেন আয়োজকেরা। প্রস্তুতি দেখতে ইতোমধ্যে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এবং সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

জামায়াতের স্থানীয় নেতারাও জানিয়েছেন, আপত্তি থাকলেও আমির হামজা মাহফিলে যোগ দেবেন। এ বিষয়ে প্রশাসনের সঙ্গে তাঁদের আলোচনা হয়েছে। অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখতে জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবী দল দায়িত্ব পালন করবে বলেও জানিয়েছেন তাঁরা।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, তাঁরা মাহফিল বন্ধের পক্ষে নন। তবে বন্দরের আলেম-ওলামাদের আপত্তির কারণ হিসেবে তিনি বলেন, আমির হামজা মাহফিলে আলেমদের নিয়ে সমালোচনা করেন এবং নায়িকাদের নিয়ে কথা বলেন—এমন অভিযোগ থেকেই তাঁর বিরোধিতা করছেন স্থানীয় আলেমরা।

মুফতি মাছুম বিল্লাহ আরও বলেন, “আমরা চাই এ বিষয়টি প্রশাসন দেখুক এবং এটার সমাধান করুক।”


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/22584 ,   Print Date & Time: Wednesday, 25 November 2026, 11:47:42 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh